বান্দরবানে এক হাজার ৫০০ কৃষকের বিরুদ্ধে অগ্রণী ব্যাংকের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
গতকাল সকালে বান্দরবান সদর উপজেলার কয়েক শ কৃষক স্থানীয় প্রেসক্লাব চত্বরে জড়ো হন। পরে সেখানে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন কুহালংয়ের কৃষক মোহাম্মদ আয়ুব, উছোমং মারমা, গুংগুরু খিয়াংপাড়ার বাছা খিয়াং প্রমুখ।
অগ্রণী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০১০-১১ থেকে ২০১২-১৩ অর্থবছরে আদা, হলুদসহ মসলাজাতীয় ফসল চাষের জন্য অগ্রণী ব্যাংকের বান্দরবান শাখা থেকে প্রায় আড়াই হাজার কৃষককে ১৭ কোটি টাকা ঋণ দেওয়া হয়। এর মধ্যে প্রায় দুই হাজার ২০০ কৃষকের ঋণ খেলাপি পড়ে আছে। এ পর্যন্ত প্রায় দেড় হাজার কৃষকের বিরুদ্ধে মামলা ও প্রায় ২০০ কৃষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, অগ্রণী ব্যাংক কৃষকদের কোনো কথা আমলে না নিয়ে গণহারে মামলা করে অপেশাদারি ও কৃষকবিরোধী আচরণ করছে।
জেলা প্রশাসকের মাধ্যমে গভর্নরের বরাবর পেশ করা স্মারকলিপিতে বলা হয়, আদা ও হলুদ চাষের জন্য ঋণ নিয়ে ব্যাপক ফলন ফলানোর পরও তাঁরা মূল্যহ্রাসের কারণে ক্ষতির শিকার হয়েছেন। এ জন্য ঋণের টাকা যথাসময়ে পরিশোধ করতে পারেননি। কিন্তু অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ ঋণ পুনঃ তফশিলীকরণের ভিত্তিতে পরিশোধের সুযোগ না দিয়ে গণহারে মামলা করায় অনেক কৃষক এখন পলাতক জীবন যাপন করছেন।