পোকা দমনে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কৃষকপ্রিয় হয়ে উঠেছে ‘সেক্স ফেরোমন’ ফাঁদ পদ্ধতি। এতে অর্থ সাশ্রয়ের পাশাপাশি ফলনও ভালো পাচ্ছেন কৃষক।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, গত বছর উপজেলায় ১ হাজার ১৫০ হেক্টর জমিতে সবজির চাষ হয়েছিল। এ বছর সবজি আবাদ হয়েছে ১ হাজার ২৫০ হেক্টর জমিতে। এর বেশির ভাগেই পোকা দমনে ‘সেক্স ফেরোমন ফাঁদ’ ব্যবহার হচ্ছে। প্রতি শতাংশ সবজিখেতে একটি করে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হয়। এ পদ্ধতিতে একটি প্লাস্টিকের পাত্রে ১০০-২০০ গ্রাম পানিতে পরিমাণমতো কেরোসিন তেল ও পরিষ্কারক গুঁড়া (ডিটারজেন্ট পাউডার) মেশাতে হয়। এরপর পাত্রটি মাটি থেকে অন্তত দুই ফুট উঁচুতে বাঁধতে হয়। ওই মিশ্রণের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে। এতে ফসল নষ্টকারী পুরুষ পোকা ওই পাত্রে গিয়ে পড়ে মরে যায়। পুরুষ পোকা ধ্বংস হলে পোকার বংশ বৃদ্ধি হয় না।
আগে কৃষকেরা পোকা দমনে জমিতে কীটনাশক ব্যবহার করতেন। এতে তাঁদের খরচ বেশি হতো। পাশাপাশি সবজিতে বিষ ঢুকত, যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফলনও তুলনামূলক কম হতো। কিন্তু কয়েক বছর আগে কৃষি বিভাগের উদ্ভাবিত এ পদ্ধতি ব্যবহারের ফলে ফসল বিষমুক্ত হচ্ছে, কৃষকেরাও লাভবান হচ্ছেন।
উপজেলার ভাগলপুর গ্রামের কৃষক শাজাহান শেখ দুই বিঘা জমিতে মিষ্টিকুমড়া ও অন্য সবজি চাষে এ পদ্ধতি ব্যবহার করে উপকৃত হয়েছেন বলে জানান। শুধু তিনি নন। এখানকার অধিকাংশ কৃষক কলা, পেয়ারা ও ফসলি জমিতে কীটনাশকের পরিবর্তে এই পদ্ধতি ব্যবহার করছেন।
হাউলি কেউটিল গ্রামের কৃষক মোহাম্মদ আলী মিয়া জানান, এ বছর তিন বিঘা জমিতে ২২ হাজার টাকা খরচ করে মিষ্টিকুমড়া চাষ করেছেন তিনি। এতে কীটনাশক ব্যবহার করতে হয়নি বললেই চলে। ইতিমধ্যে প্রায় ৪০ হাজার টাকার কুমড়া বিক্রি করেছেন আরও ৬০-৭০ হাজার টাকার কুমড়া বিক্রি হবে।
উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মুঞ্জুর রহমান বলেন, আগে পোকার আক্রমণে অনেক সবজি নষ্ট হতো বলে কৃষকেরা সবজি চাষে তেমন আগ্রহ দেখাতেন না। এ পদ্ধতি ব্যবহারে পোকা থেকে রক্ষার পাশাপাশি কৃষকেরা ভালো ফলন পাচ্ছেন। ফলে দিন দিন তাঁদের কাছে প্রিয় হয়ে উঠছে ‘সেক্স ফেরোমন ফাঁদ’।