কৃষকের অনাগ্রহ, ভোলায় আউশ আবাদে বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় গত বছরের তুলনায় এবার প্রায় ২২ হাজার হেক্টর কম জমিতে আউশের আবাদ হয়েছে। অনাবৃষ্টি, জোয়ারের পানি ঢুকে পড়া, নদীভাঙন ও ধানের দাম কম থাকায় কৃষকেরা আউশ আবাদে আগ্রহ হারিয়ে ফেলেছেন। এ কারণে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে আশঙ্কা করা হচ্ছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর জেলার ছয় উপজেলায় ৭৬ হাজার ২৫০ হেক্টর জমিতে আউশ আবাদ হয়েছিল। এ বছর মাত্র ৫৫ হাজার হেক্টরে আউশ আবাদ হয়েছে। কৃষকদের মতে, আরও অনেক কম জমিতে আউশ আবাদ হয়েছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, গত বছর সদর, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, চরফ্যাশন, লালমোহন ও দৌলতখান উপজেলার যেসব জমিতে আউশ আবাদ হয়েছিল, সেসব জমি এ বছর খালি পড়ে আছে। নলখাগরা, কাঁটাবন আর লতাপাতায় ভরে আছে মাইলের পর মাইল জমি। কিছু কৃষক ধানের জমিতে সবজি চাষ করেছেন। সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের কৃষক নাছির আহম্মেদ, মোতাসিম, আলী হোসেন, কালু, আবদুর রহিম ও ভেলুমিয়া ইউনিয়নের ভেলুমিয়া গ্রামের মোস্তফা মিয়া বলেন, তাঁরা গত বছরের তুলনায় অর্ধেক জমিতে আউশ করে বাকি জমি খালি রেখে দিয়েছেন। যতটুকু জমিতে আউশের আবাদ করা হয়েছে, তা-ও জোয়ারের পানিতে ডুবে গেছে। এ কারণে ফলন না পাওয়ার সম্ভাবনা বেশি।একই সমস্যার কথা বললেন বোরহানউদ্দিন উপজেলার বাটামারা গ্রামের শাহ আলমগীর হোসেন, দৌলতখান উপজেলার খায়েরহাট এলাকার আমিরুল হক, লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের স্লুইসগেট এলাকার নূরনবী হাওলাদার।বোরহানউদ্দিন টগবী ইউনিয়নের কৃষক জাহাঙ্গীর আলম বলেন, ‘ধানের দাম এখনো বাড়েনি, তাই উচ্চ দামে সার, বীজ ও ওষুধ দিয়ে আউশ চাষ করার প্রশ্নই আসে না। নিজ প্রয়োজনে চেয়েছিলাম কিছু জমিতে করব, কিন্তু অনাবৃষ্টিতে বীজতলা তৈরিই করতে পারিনি।’সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ গ্রামের মাইনুদ্দিন বলেন, ভোলুমিয়া ও ভেদুরিয়া ইউনিয়নে কোনো বাঁধ নেই। এখানে আউশ মৌসুমে ধানের খেতে জোয়ারের পানি ওঠে-নামে। কিন্তু এ বছর উচ্চ জোয়ার হওয়ায় যেটুকু জমিতে আউশ হয়েছে, তা-ও পানির নিচে চলে গেছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শান্তিরঞ্জন মল্লিক বলেন, অনাবৃষ্টি, উচ্চজোয়ার, নদীভাঙন ও ধানের মূল্য কম থাকায় কৃষকেরা আউশ আবাদে আগ্রহ হারিয়েছে, যা চাষ হয়েছে তা দিয়ে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। যার প্রভাব আমনেও পড়বে। এ বছর আউশ আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৭৭ হাজার ৬৪০ হেক্টর এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৩৪ হাজার ২৪০ মেট্রিক টন।