দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নের মুজাহিদপুর এলাকায় উত্তরা হিমাগারে গতকাল সোমবার কৃষকদের ওপর হিমাগারের দালাল ও শ্রমিকদের হামলা এবং সংঘর্ষে কমপক্ষে ১০ কৃষক আহত হয়েছেন। দালালেরা কৃষকদের আলু নিয়ে যাওয়ার সময় তাঁরা বাধা দিলে এ সংঘর্ষ হয়। এ ঘটনার পর হিমাগারের সামনের সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ কৃষকেরা। হিমাগারের পাহারায় পুলিশ মোতায়েন করা হয়েছে।কৃষকেরা জানান, হিমাগারের বেশির ভাগ আলুই পচে গেছে। পচা আলুর গ্যাসে হিমাগারের ভেতরে তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সব আলুর বস্তা বের করে হিমাগারের বাইরে মাঠে রাখা হচ্ছে। এরপর কৃষকেরা নিজেদের ভালো আলুগুলো বেছে নেওয়ার চেষ্টা করছেন।কৃষকেরা অভিযোগ করেন, তাঁদের অনেকে গতকাল সকালে নিজেদের আলুর বস্তা বাছাই করে রেখে আসেন। দুপুর ১২টার দিকে গাড়ি নিয়ে আলু আনতে গিয়ে তাঁরা দেখেন, মো. আজগার আলী, সাইফুল ইসলাম, লিয়াকত আলী, জামাল উদ্দিন, জালাল উদ্দিন ও আবদুল্লাহ আল মামুনসহ হিমাগারের দালালেরা (যাঁদের মাধ্যমে কৃষকেরা হিমাগারে আলু রেখেছিলেন) ট্রাক ও ট্রাক্টর বোঝাই করে আলু নিয়ে যাচ্ছেন। কৃষকেরা গাড়ি থেকে আলু নামিয়ে নিতে গেলে দালাল ও হিমাগারের শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে কৃষকদের ওপর হামলা চালায়। এ সময় সংঘর্ষে ১০ কৃষক আহত হন। এ ঘটনার প্রতিবাদে দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ কৃষকেরা হিমাগারের সামনে দিনাজপুর-দশমাইল সড়ক অবরোধ করে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ করেন। এ সময় আটকা পড়ে শত শত যানবাহন। কৃষকদের অভিযোগ, হিমাগারের মালিক পক্ষের যোগসাজশে দালালেরা হাজার হাজার বস্তা আলু নিয়ে যাচ্ছেন।দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে বলেন, হিমাগার পাহারায় পুলিশ মোতায়েন করা হয়েছে।