কৃষকের উদ্যোগেই জিয়া খাল সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা উপজেলার জিয়া খালটি নিজ উদ্যোগে সংস্কার করছেন স্থানীয় কৃষকেরা। খালটি অবৈধভাবে দখল ও ভরাট হয়ে যাওয়ায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে। তাই কৃষকেরা সরকারি উদ্যোগের অপেক্ষায় বসে না থেকে কাজ শুরু করে দিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, হালতি বিলের পানি জিয়া খাল দিয়ে নিষ্কাশন হয়। এবার অতিরিক্ত বৃষ্টি হওয়ায় বিলে পানির পরিমাণ বেশি। কিন্তু পানিনিষ্কাশনের একমাত্র খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি আত্রাই নদীতে যেতে পারছে না। ফলে আশপাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ ছাড়া এখন শুকনো মৌসুমেও বিল থেকে পানি সরে না।
গত সোমবার দুপুরে নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া এলাকায় গিয়ে দেখা যায়, জিয়া খালের উৎসমুখে ২৫ জন শ্রমিক খাল থেকে কাদামাটি সরিয়ে নিচ্ছেন। এ সময় খোলাবাড়িয়া গ্রামের মসলেম উদ্দিন বলেন, খালের উৎসমুখ থেকে এক কিলোমিটার সংস্কার করা হবে। কাজ শেষ না হওয়া পর্যন্ত তাঁরা কাজ করবেন। গত শুক্রবার থেকে প্রতিদিন ২০ থেকে ৩০ জন শ্রমিক খাল ভরাটের মাটি সরিয়ে পানিনিষ্কাশন করছেন।
কর্মরত ১০ জন কৃষক এ সময় বলেন, স্থানীয় বাসিন্দারা নানা সময়ে নিজ প্রয়োজনে বাড়ির সামনের খালের অংশটুকু দখল বা ভরাট করেছেন। এভাবে করতে করতে জিয়া খালের প্রস্থ কমতে কমতে সাত-আট ফুটে দাঁড়িয়েছে। আগে এ খাল প্রায় ২০ ফুট চওড়া ছিল।
খোলাবাড়িয়া এলাকার পাঁচ বাসিন্দা বলেন, সময়মতো হালতি বিলের পানি না নামায় এ এলাকার কৃষকেরা শুষ্ক মৌসুমেও ধানের আবাদ করতে পারতেন না। এ সমস্যা নিরসনে সরকারি উদ্যোগে ১৯৮১ সালে হালতি বিলের মাঝ দিয়ে ব্রহ্মপুর থেকে মোহনপুর পর্যন্ত ২০ কিলোমিটার খাল খনন করা হয়। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অনুসারে খালটি ‘জিয়া খাল’ নামে পরিচিত হয়ে ওঠে।
তাঁরা আরও বলেন, অবৈধ দখল ও ভরাটের কারণে কয়েক বছর ধরে খালটি দিয়ে পানিনিষ্কাশন হচ্ছে না। ফলে প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। খালটি দখলমুক্ত করতে স্থানীয় কৃষকেরা সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেন। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়ে বিলের আশপাশের পূর্ব বাশিলা, পশ্চিম বাশিলা, সোনাপাতিল, তেঘড়িয়া, মাধনগর, খোলাবাড়িয়া, হালতি ও পাটুল গ্রামের কৃষকেরা নিজ উদ্যোগে খালটি সংস্কারের উদ্যোগ নিয়েছে।
তেঘড়িয়া গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, বিলে যাঁদের চাষযোগ্য জমি রয়েছে, তাঁরা প্রতি বিঘা জমি বাবদ ৫০ টাকা করে চাঁদা দিয়েছেন। আর যাঁরা চাঁদা দিতে পারছেন না, তাঁরা নিজেরা কাজ করছেন।