কৃষকের ওপর হামলার প্রতিবাদে মিছিল
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জটারকান্দা গ্রামের কৃষক দুলাল মিয়াকে হত্যাচেষ্টার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে করিমগঞ্জ ডিগ্রি কলেজের সামনে মানববন্ধন করা হয়। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে ইউএনওর কার্যালয় ঘেরাও করা হয়। এসব কর্মসূচিতে আহত দুলাল মিয়ার স্ত্রী সালেমা আক্তার, তিন মেয়ে ও এক ছেলে ছাড়াও স্বজন এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এলাকাবাসী ও দুলাল মিয়াকে হত্যাচেষ্টার ঘটনায় হওয়া মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে দুলাল মিয়া (৬০) পাশের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা গোদারাঘাট এলাকার বউবাজার থেকে বাড়ি ফিরছিলেন। চর দেহুন্দা এলাকায় শত্রুতার জের ধরে কয়েকজন সন্ত্রাসী তাঁকে কুপিয়ে ও রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তাঁর দুই পায়ের রগ কেটে দেয়। তাঁর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকাবাসী দুলালকে উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে তাঁকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়েছে। এখন তিনি সেখানে রয়েছেন। এ ঘটনায় গত শুক্রবার সোহরাব (৫০) ও তাঁর চার ভাইসহ ২২ জনের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা করেন।
করিমগঞ্জ থানার ওসি মো. জাকির রব্বানী বলেন, আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা যায়নি।