কৃষকের কষ্টের ধান জমির মালিকের গোলায়!
ঝিনাইদহের কালীগঞ্জে এক বর্গাচাষির ৮০ মণ ধান জমির মালিক জোরপূর্বক তাঁর বাড়ি থেকে লুট করে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিঘাপ্রতি নির্দিষ্ট পরিমাণ ধান দেওয়ার চুক্তিতে ওই চাষি ওই মালিকের জমি চাষ করেছিলেন। চুক্তি অনুযায়ী ধান দিতে দেরি করার অভিযোগ তুলে সন্ত্রাসী কায়দায় গত শনিবার জমির মালিক ওই চাষির বাড়ি থেকে ধান লুট করে নিয়ে যান। হতভাগ্য চাষির নাম আকবার আলী। তাঁর বাড়ি কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামে। তিনি বলেন, ‘মাত্র এক মণ ধান রেখে সব ধান নিয়ে গেছে সন্ত্রাসীরা।’আকবার আলী অভিযোগ করেন, তিনি নিয়ামতপুর গ্রামের আশরাফ আলীর কাছ থেকে সাড়ে তিন বিঘা জমি চুক্তিতে ভাড়া নিয়ে এ বছর ধান চাষ করেন। মালিকের সঙ্গে চুক্তি ছিল, বিঘাপ্রতি সাত মণ ধান দিতে হবে। ধান কাটার মৌসুম শুরু হওয়ার পর থেকে জমির মালিক চুক্তির ধান দাবি করে তাঁকে নানাভাবে চাপ দিচ্ছিলেন। গত শুক্রবার তিনি ধান কেটে বাড়িতে নিয়ে আসেন। শনিবার বিকেলে আশরাফ আলী বর্গাচাষির বাড়িতে এসে সন্ধ্যার আগে তাঁর চুক্তি অনুযায়ী ধান পৌঁছে না দিলে রাতে সব ধান নিয়ে যাওয়ার হুমকি দেন। আকবার আলী আরও অভিযোগ করেন, গত শনিবার রাত আটটার দিকে ১০-১২ জন লোক নিয়ে আশরাফ আলী তাঁদের বাড়িতে আসেন। তারা তাঁকে বেঁধে রেখে প্রায় ৮০ মণ ধান বস্তায় ভরে নিয়ে যান। তিনি আরও জানান, চুক্তি অনুযায়ী সাড়ে তিন বিঘা জমিতে আশরাফ আলী ২৪ মণ ২০ কেজি ধান পান। কিন্তু তিনি সব ধান নিয়ে গেছেন। আশরাফ আলী বলেন, ‘পাওনা ধান বেশ কয়েকবার চেয়ে না পাওয়ায় তা নিয়ে আসা হয়েছে। তবে ধান আনার সময় মাপা সম্ভব না হওয়ায় কিছু ধান বেশি এসেছে। যেগুলো পুলিশের উপস্থিতিতে বস্তায় ভরে রাখা আছে। যেকোনো সময় ওই ধান ফেরত দেওয়া হবে।’কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আক্কাচ আলী জানান, তিনি ওই রাতে এ বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করেছিলেন। তবে তাঁর সে চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় থানায় কোনো পক্ষই মামলা করেনি।