কিশোরগঞ্জে সরকারি খাদ্যশস্য সংগ্রহ অভিযানে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। চলতি মৌসুমে সদর উপজেলা খাদ্যগুদামে সংগৃহীত চাল জেলার কোনো কৃষকের কাছ থেকে নেওয়া হয়নি। কেনা হয়েছে অন্য জেলার চালকলের মালিকদের কাছ থেকে। তাও সে চাল ভাঙা ও নিম্নমানের। এতে হাওরাঞ্চলসহ জেলার কৃষকেরা চালের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়েছেন।খাদ্যশস্য সংগ্রহ অভিযানে টিআর, কাবিখার চাল সংগ্রহ করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রাথমিক তদন্তে এসব তথ্য বেরিয়ে এসেছে। ছয় সদস্যের তদন্ত কমিটি গতকাল মঙ্গলবার সদর উপজেলার ১২টির মধ্যে ছয়টি খাদ্যগুদাম পরিদর্শন করে।এর আগে গত সোমবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তারা খাদ্যশস্য সংগ্রহ অভিযানে দুর্নীতির অভিযোগ তোলেন। এ ব্যাপারে তাৎক্ষণিক আলোচনার মাধ্যমে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তন্ময় দাস গতকাল প্রথম আলোকে জানান, জেলার বাইরে থেকে নিম্নমানের চাল সংগ্রহ করে চালকলের মালিকেরা গুদামে সরবরাহ করেছেন। তবে সেখানে টিআর ও কাবিখার চাল আছে কি না, প্রাথমিক তদন্তে তা জানা যায়নি।সোমবার কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা শিল্প ও বণিক সমিতির পরিচালক বাদল রহমান জানান, কিশোরগঞ্জ খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহ অভিযানে ব্যাপক দুর্নীতি হচ্ছে। নিম্নমানের চালসহ টিআর ও কাবিখার চাল বাজার থেকে ১৯ হাজার টাকায় (প্রতি মেট্রিক টন) কেনা হচ্ছে। সেই চাল অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে ২৭ হাজার টাকায় খাদ্যগুদামে সরবরাহ করা হচ্ছে। এ কারণে প্রকৃত ব্যবসায়ী ও সাধারণ কৃষকেরা গুদামে চাল সরবরাহ করতে পারছেন না। তিনি জানান, উপজেলা খাদ্য সংগ্রহ কমিটির কোনো সভা না করে যোগ্যতা না দেখে মিলারদের একতরফাভাবে বরাদ্দ দিয়েছেন জেলা খাদ্যনিয়ন্ত্রক। যাঁদের মিলের উৎপাদনের যোগ্যতা নেই, তাঁদেরও বেশি পরিমাণে বরাদ্দ দিয়েছেন। কিশোরগঞ্জ খাদ্যগুদামে দুই হাজার ৯৭৪ মেট্রিক টন চালের মধ্যে মাত্র ১৩ দিনের মধ্যে এক হাজার ৮০৭ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়ে গেছে, যা গত ১৫ বছরের মধ্যে রেকর্ড।কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, খাদ্যগুদাম থেকে প্রায়ই নিম্নমানের ও পচা চাল পাওয়া যায়। তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাতউদ্দিন আহম্মদ অভিযোগ করেন, তাঁর উপজেলায়ও একই কায়দায় খাদ্যগুদামে দুর্নীতি হচ্ছে।সভায় উপস্থিত জেলা খাদ্যনিয়ন্ত্রক আব্দুল মালেক বলেন, ‘নিম্নমানের ও টিআর প্রকল্পের চাল সরবরাহ করা হয়েছে, তা আমার জানা নেই।’খাদ্যগুদামের খাদ্য চলাচল ও সংরক্ষণ কর্মকর্তা (এসএনএমও) মো. বোরহানউদ্দিন তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানান, নিম্নমানের ও প্রকল্পের কোনো চাল তাঁরা সংগ্রহ করেননি। চালকলমালিক সমিতির সদস্য ওসমান গণি জানান, তিনি নিজেও চাল সরবরাহ করেছেন। তাঁর জানামতে, নিম্নমানের চাল সরবরাহ করা হয়নি।শেষে সভায় জেলা প্রশাসক জানান, এবারের খাদ্য সংগ্রহ অভিযানে দুর্নীতির বিষয়ে তিনি বিভিন্ন মাধ্যম থেকে একাধিক অভিযোগ পেয়েছেন। বিষয়টি খুব স্পর্শকাতর। তাই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।