কৃষকের কাছে ধান নেই, এখন বাড়ছে দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরো মৌসুমের শুরুতে একেবারেই ধানের দাম পাননি ঠাকুরগাঁওয়ের কৃষকেরা। উৎপাদন খরচের চেয়েও ধানের দর অনেক কম হওয়ায় ক্ষুব্ধ কৃষকেরা সড়কে ধান ফেলে প্রতিবাদও জানান। উপায়ান্তর না দেখে কৃষকেরা প্রতি মণ ধান ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি করতে বাধ্য হন।

এখন কৃষকের গোলা ধানশূন্য। আর এখন হাটবাজারে দফায় দফায় বেড়ে চলেছে ধানের দাম। গত এক মাসে সব জাতের ধানের দাম বেড়েছে মণপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা। তবে দাম বাড়লেও এর সুফল পাচ্ছেন না কৃষকেরা।

গত মঙ্গলবার সকালে সদর উপজেলার খোঁচাবাড়িহাটের আড়তদার গণেশ ঘোষ বলেন, হাটে প্রতি মণ বারি ২৮ জাতের ধান ৭০০ থেকে ৭৫০ টাকায় কেনাবেচা হচ্ছে। আর প্রতি মণ হাইব্রিড ধান বিক্রি হচ্ছে ৬৫০ টাকা। বোরো মৌসুমের ধানমাড়াইয়ের পরপরই এই ধানের দাম ছিল ৪৫০ থেকে ৫০০।

হাটে কয়েকজন অভিযোগ করে বলেন, কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে ধান আবাদ করেন। কিন্তু যখন সেই ধান বিক্রি করতে যান, তখন দাম কম থাকে। এই সুযোগে ব্যবসায়ীরা মৌসুমের শুরুতেই কৃষকের কাছ থেকে কম দামে ধান কিনে মজুত করতে থাকেন। এরপর কৃষকের ধান ফুরিয়ে গেলে ব্যবসায়ীরা বাড়তি দামে ধান বিক্রি করে মোটা অঙ্কের মুনাফা হাতিয়ে নেন।

উৎপাদন খরচের চেয়েও ধানের দর অনেক কম হওয়ায় ঠাকুরগাঁওয়ের ক্ষুব্ধ কৃষকেরা গত ১৭ মে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে ধান ফেলে প্রতিবাদ জানিয়েছিলেন। সেই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সদর উপজেলার ধন্দগাঁও গ্রামের কৃষক আফসার আলী। গত মঙ্গলবার খোঁচাবাড়িহাটে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘মাড়াইয়ের পর ধানের ন্যায্য দামের জন্য আমরা আন্দোলনে নেমেছিলাম। কিন্তু সুফল পাইনি। পরে মহাজনের ধারদেনা পরিশোধ করতে প্রতি মণ ধান ৪৫০ টাকা দরেই বিক্রি করে দিই। এখন সেই ধান বিক্রি হচ্ছে ৭০০ টাকার ওপরে।’

বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর গ্রামের কৃষক রাজিউর রহমান বলেন, ‘তিন বিঘা জমিত বোরো আবাদ করেছিলাম। সংসার খরচ মেটাতে সস্তায় এসব ধান বিক্রি করতে হয়েছে। প্রতি মণ ধানের দাম পেয়েছি গড়ে ৫০০ টাকা। অথচ ঘরের ধান বিক্রি শেষ হয়ে যাওয়ার পর এখন দাম উঠেছে প্রায় ৭৫০ টাকায়।’

 সদর উপজেলার দৌলতপুর গ্রামের কৃষক আবদুস সাত্তার অভিযোগ করেন, এখন সরকারি গুদামে প্রতি কেজি ধান ২৩ টাকা দরে (মণপ্রতি ৯২০ টাকা) কেনা হচ্ছে। যখন কৃষকের কাছে ধান থাকে, তখন খাদ্য বিভাগ ধান কেনে না। কৃষকের গোলার ধান শেষ হওয়ার পর তারা ধান কেনার ঘোষণা দেয়। সে সময় একদিকে কৃষকের গোলা থাকে ধানশূন্য, অন্যদিকে হাটবাজারে ধানের দাম থাকে অনেক বেশি।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে জেলায় ৮ হাজার ২৪৮ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ৫ মে সরকারি গুদামে ধান কেনার কথা থাকলেও শুরু হয় ২৯ মে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক মো. আরশেদ আলী বলেন, বোরো উৎপাদন মৌসুমে শুরু থেকেই ধানের বাজারদরে বেশ মন্দাভাব বিরাজ করছিল। সে সময় কৃষকেরা সর্বোচ্চ ৪৫০ থেকে ৫০০ টাকা মণ দরে ধান বিক্রি করতে পেরেছেন। এখন যেসব কৃষক ধান বিক্রি করছেন, তাঁরা দাম পাচ্ছেন মণপ্রতি ৭০০ থেকে ৭৫০ টাকা। সরকারি গুদামে ধান কেনা শুরু হওয়ার কারণে ধানের দাম বাড়তে পারে।