কৃষকের কান্না শুনবে কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউপির হরিরামপুর মৌজার সেচ প্রকল্পের আওতায় থাকা ৭৫ বিঘা ফসলি জমি বিজিবির ৫৯ ব্যাটালিয়নের জন্য অধিগ্রহণ করা হচ্ছে। ওই জমির একাংশের এই ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউপির হরিরামপুর মৌজার সেচ প্রকল্পের আওতায় থাকা ৭৫ বিঘা ফসলি জমি বিজিবির ৫৯ ব্যাটালিয়নের জন্য অধিগ্রহণ করা হচ্ছে। ওই জমির একাংশের এই ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

স্থানীয় কৃষকদের আপত্তি সত্ত্বেও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি ব্যাটালিয়নের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের হরিরামপুর মৌজায় ৭৫ বিঘা ফসলি জমি অধিগ্রহণের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়েছে। এতে ওই জমির ওপর নির্ভরশীল স্থানীয় দুই শতাধিক পরিবার তাদের জীবন-জীবিকা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের জন্য এ জমি অধিগ্রহণ করতে জমির মালিকদের চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের জমি অধিগ্রহণ কর্মকর্তা গণপতি রায় জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসক স্বাক্ষরিত চূড়ান্ত নোটিশ পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন। হরিরামপুর সেচ প্রকল্পের আওতায় থাকা এ জমির সিংহভাগই চারফসলি। গোবরাতলা কৃষিভূমি রক্ষা কমিটির ব্যানারে স্থানীয় কৃষকেরা এ জমি অধিগ্রহণ ঠেকাতে দীর্ঘদিন ধরে আন্দোলনও করে আসছেন। গত বছরের ৭ ডিসেম্বর এবং চলতি বছরের ২২ মে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে এসে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। এ নিয়ে ১৬ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়।
গোবরাতলা কৃষিভূমি রক্ষা কমিটির আহ্বায়ক আবদুল ওয়াহিদ আলী মুসলেহ বলেন, চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কসংলগ্ন এমন উর্বর জমি আর নেই। এই জমি থেকে প্রতিবছর ৩ হাজার মণ ধান, ৮০০ মণ রবিশস্য ও আড়াই হাজার মণ আম পাওয়া যায়। এই জমি অধিগ্রহণ করে বিজিবি ক্যাম্প স্থাপন করা হলে একদিকে যেমন কৃষির ওপর নির্ভরশীল মানুষগুলো তাঁদের জীবন-জীবিকার উৎস হারাবেন, অন্যদিকে দেশের খাদ্য উৎপাদনও হ্রাস পাবে। তা ছাড়া বন্ধ হয়ে যাবে হরিরামপুর সেচ প্রকল্পও। কেননা এই জমির ওপর দিয়েই গেছে হরিরামপুর সেচ প্রকল্পের মূল নালাসহ আরও চারটি শাখা নালা। এসব নালায় প্রবাহিত পানি দিয়ে আবাদ হয় আরও এক হাজার বিঘা জমির ফসল। ফলে শুধু ৭৫ বিঘার আওতায় থাকা কৃষকেরা নন, ক্ষতিগ্রস্ত হবেন অন্য কৃষকেরাও।
আবদুল ওয়াহিদ আলী আরও বলেন, এর আগে জেলা প্রশাসক কর্তৃক ১৯৮২ সালের স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও ভূমি দখল অধ্যাদেশের ৩ ধারায় এসব জমির মালিকের জমি অধিগ্রহণের প্রস্তাব দিয়ে নোটিশ দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে এসব মালিক জেলা প্রশাসকের কাছে তাঁদের আপত্তিপত্র দাখিল করেন। কিন্তু তাঁদের আপত্তি আমলে নেওয়া হয়নি। পরবর্তীকালে ওই অধ্যাদেশের ৬ ধারা মোতাবেক চলতি মাসে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে।
গোবরাতলা গ্রামের হাজি জসিম উদদীন বলেন, ‘এখানে আমার সাড়ে আট বিঘা জমি রয়েছে। এ জমির ধান দিয়েই আমার সংসার চলে।’
এ জমির ওপর বসতবাড়ি রয়েছে মো. মকবুলের (৬৭)। ১৫ দিন আগে তিনি চূড়ান্ত নোটিশ পেয়েছেন। তিনি বলেন, ‘লোটিশ প্যায়া হামার খাওয়া ঢুকে না মুখে। ঘুমাইতে পারিন্যা ঠিক মতোন। কুনঠে যাব, কী করবো বুঝ্যা পাছিন্যা।’
চরম হতাশা প্রকাশ করে কৃষক জালাল উদ্দিন, আয়েশ উদ্দীন, মনিরুল ইসলাম, রবিউল ইসলামসহ আরও অনেকে বলেন, সরকার একদিকে বলছে, উর্বর কৃষিজমি অধিগ্রহণ করে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। কিন্তু এখানে কাজ হচ্ছে উল্টো। ৫৯ বিজিবি ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার অন্তর্গত। কিন্তু তাদের সদর দপ্তর করা হচ্ছে সদর উপজেলায়। তা-ও বেছে নেওয়া হয়েছে চারফসলি উর্বরা জমি। এসব মানুষ আরও বলেন, তাঁরা বিজিবির ক্যাম্প স্থাপনের বিরোধী নন। তবে বিজিবির জন্য কম ফলনশীল বা পতিত জমি অধিগ্রহণ করে স্থাপনা নির্মাণ করা হলে কারও এত ক্ষতি হতো না।