কৃষকের কেনা সারের ৪০ শতাংশই ভেজাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকের কেনা সারের গড়ে ৪০ শতাংশই ভেজাল। এই সমীক্ষা সরকারি সংস্থা মৃত্তিকা সম্পদ উন্নয়ন অধিদপ্তরের (এসআরডিআই)। ২০১১-১২ অর্থবছরের বিভিন্ন সময়ে সংস্থাটি পাঁচ হাজার ১৯০টি সারের নমুনা পরীক্ষা করে এই ফলাফল পেয়েছে।
আমদানি থেকে শুরু করে ডিলার পর্যায় পর্যন্ত সারের এই ভেজাল পাওয়া গেছে। গত দুই বছরে ভেজালের পরিমাণ বেড়েছে ৭ শতাংশ।
২০১২-১৩ অর্থবছরের নমুনা সংগ্রহ ও পরীক্ষা শেষ হলেও এখনো কোনো পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করেনি সংস্থাটি। এসআরডিআই সূত্রে জানা গেছে, চলতি বছরের বিভিন্ন সময়ে সারের যে নমুনা এসেছে, তাতে ভেজালের পরিমাণ কমেনি, আগের মতোই আছে।
গত সোমবারও দেশের সার ব্যবসার সবচেয়ে বড় কেন্দ্র যশোরের অভয়নগরে ৫৫০ বস্তা ভেজাল নকল জিপসাম সার ধরা পড়েছে। এর আগে গত নভেম্বরে একই এলাকায় ১৬ বস্তা নকল টিএসপি সার জব্দ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।
এখন বোরো মৌসুম। বোরোর উৎপাদন বাড়াতে সারা দেশে কৃষকেরা মাঠে নেমেছেন। বীজতলা থেকে হালকা সবুজ চারা মাঠে রোপণ করাও প্রায় শেষ। চলতি মাস থেকেই জমিতে সার দেওয়া শুরু করতে হবে। আর সেই সারেই ভেজাল মেশাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।
সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ভেজাল মেশাতে গিয়ে ডিলাররা রাসায়নিক সারের সঙ্গে ডলোমাইট, জিপসাম, ম্যাগনেসিয়াম সালফেট, লাল রঙের মাটি, বালু, সোডিয়াম সালফেটের মতো ক্ষতিকারক দ্রব্য মেশাচ্ছেন। এই ক্ষতিকর পদার্থ মাটি ও মানবদেহের জন্য মারাত্মক ক্ষতির কারণ।
নতুন উৎপাদিত, আমদানি করা এবং বিক্রির জন্য দোকানে থাকা সার থেকে নমুনা সংগ্রহ করে তা পাঠানো হয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন অধিদপ্তর বা এসআরডিআইয়ে। মোট নমুনার ৮০ শতাংশই পাঠায় কৃষি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর বাইরে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত পর্যায়েও সারের নমুনা পাঠানো হয়।
সার ব্যবসায় প্রভাবশালীরা: সার উৎপাদক ও আমদানিকারকদের বেশির ভাগ প্রভাবশালী ব্যবসায়ী। সার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) সভাপতি ও একজন নেতা এখন সাংসদ। এ ছাড়া সরকারি ও বিরোধী উভয় দলের স্থানীয় পর্যায়ে শতাধিক নেতা এই সংগঠনের সঙ্গে জড়িত। বিএফএর সভাপতি আওয়ামী লীগের নেতা নরসিংদী-৪ আসন থেকে নির্বাচিত সাংসদ কামরুল আশরাফ। সংগঠনটির একজন পরিচালক হচ্ছেন নীলফামারী-৪ আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাংসদ ও বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং এসআরডিআইয়ের একাধিক সূত্রে জানা গেছে, এই প্রভাবশালী নেতাদের কারণে ভেজাল সারের বিরুদ্ধে সরকারি সংস্থাগুলো কোনো ব্যবস্থা নিতে পারছে না।
বিএফএর সভাপতি ও সাংসদ কামরুল আশরাফ প্রথম আলোকে পাল্টা প্রশ্ন করে বলেন, ‘সারে যদি ভেজালই থাকে, তাহলে কাস্টমস ও কৃষি বিভাগ কী করে? তারা কেন ভেজাল সারের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না?’
মিশ্র সারে বেশি ভেজাল: এসআরডিআইয়ের সমীক্ষায় দেখা গেছে, ইউরিয়া সারে ভেজালের পরিমাণ সবচেয়ে কম। ৩ শতাংশ ইউরিয়া সারে ভেজাল পাওয়া গেছে। আগের বছর ছিল ১ শতাংশ। সবচেয়ে খারাপ অবস্থা এসএসপি ও মিশ্র সারের ক্ষেত্রে। এ দুই সারে ৯৩ ও ৭৭ শতাংশ ভেজাল পাওয়া গেছে। এমনকি জৈব সারেও ভেজালের পরিমাণ এক অর্থবছরে ১১ শতাংশ বেড়ে ৫৮ শতাংশ হয়েছে।
সমীক্ষায় আমদানি অবস্থাতেই ৩১ থেকে ৫৩ শতাংশ দস্তা সারে ভেজাল পাওয়া গেছে। জিংক সালফেট সার আমদানি অবস্থায় ভেজাল ৫৩ শতাংশ, যা আগের বছরের তুলনায় ১৯ শতাংশ বেশি। একই অবস্থা বোরন সারের ক্ষেত্রেও দেখা গেছে। এসব সারে ভেজাল বেশি হওয়ার বড় কারণ হচ্ছে, এগুলোর দাম বেশি। এ কারণেই এসআরডিআই ওই প্রতিবেদনে দস্তা ও বোরন সারের মান নিয়ন্ত্রণে কৃষি মন্ত্রণালয়ের কার্যকর নির্দেশনা চাওয়া হয়েছে।
সমীক্ষায় দেখা গেছে, মারাত্মক হেভি মেটাল-সমৃদ্ধ দস্তা সার আমদানির অনুমোদন নেই, তার পরও বাজারে এই সার পাওয়া গেছে। অভ্যন্তরীণ বাজারে বা ডিলারের দোকানে মাত্রাতিরিক্ত ক্যাডমিয়াম বা লেডযুক্ত দস্তা সার পাওয়া গেছে। এ ধরনের সার পরিবেশের জন্য যেমন মারাত্মক ক্ষতিকারক, অন্যদিকে মানবদেহের জন্যও ঝুঁকিপূর্ণ।
মোট ২০৩টি ইউরিয়া সারের নমুনার মধ্যে ছয়টি সারের নমুনায় পুষ্টি উপাদানে ঘাটতি পাওয়া গেছে। ২২৬ এনপিকেএস মিশ্র সারের নমুনার মধ্যে ১৭৪টি বা ৭৭ শতাংশই ছিল ভেজাল। এক হাজার ৪১৫টি জিংক সালফেট সারের নমুনার মধ্যে এক হাজার ৮২টি অর্থাৎ ৭৬ শতাংশ, ৭৪৩টি টিএসপি সারের মধ্যে ১৮৪টি বা ২৫ শতাংশ, ৪২৬টি ডিএপি সারের মধ্যে ৯১টি (২২ শতাংশ), ৬৪৩টি মিউরেট অব পটাশ (এমওপি) সারের মধ্যে ৪৭টি (৭ শতাংশ), ১৪টি এসএসপি সারের মধ্যে ১৩টি (৯৩ শতাংশ), ৫৫১টি বোরন সারের মধ্যে ২৫৬টি (৪৬ শতাংশ), জিপসাম সারের ২১ শতাংশ, সালফেট অব পটাশ সারের ৪১ শতাংশ নমুনা এবং জৈব সারের ৫৮ শতাংশে ভেজাল পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভেজাল সার ব্যবহার করায় এক দিকে কৃষক যেমন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্য দিকে তাঁরা প্রতারণার শিকার হচ্ছেন। জমির উর্বরা ও ফসলের উৎপাদনক্ষমতা ক্রমান্বয়ে হ্রাস পাওয়ার ক্ষেত্রে ভেজাল সার ভূমিকা রাখছে।
ভেজাল সার বন্ধে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, সম্প্রতি বিভিন্ন স্থানে কৃষি বিভাগের উদ্যোগেই ভেজাল সার ধরা পড়েছে। কৃষক যাতে প্রতারিত না হন, সে জন্য সরকার সক্রিয় আছে। সারা বছর এই কার্যক্রম চলে। মন্ত্রী বলেন, ‘গত কয়েক বছরে আমরা ভেজাল মিশ্র সারের অনেকগুলো কারখানা বন্ধ করেছি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে কোনো ভেজালকারীকে রেহাই দেওয়া হবে না।’