কৃষকের গাঁটে টাকা নেই কোরবানির পশুর দাম কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের হাটগুলোতে এবার কোরবানির পশুর দাম অন্যবারের তুলনায় কম। হাটগুলো ক্রেতা-বিক্রেতায় ভরে উঠলেও সে তুলনায় বেচাবিক্রি এখনো তেমন একটা জমে ওঠেনি। একদিকে নতুন ধান ওঠেনি। আবার পাটের দামও এবার অন্যবারের চেয়ে কম পেয়েছেন কৃষক। তাই কৃষকের হাতে টাকা নেই। এরই প্রভাব এবার কোরবানির পশুর হাটে পড়েছে বলে ক্রেতা-বিক্রেতারা মনে করছেন।
জেলার প্রধান পশুর হাটগুলো হচ্ছে রাজনগর, নগরকুমারী, ময়দানদীঘি, জগদল, সাকোয়া, পাঁচপীর, ফকিরগঞ্জ, শালবাহান, চাকলা, লক্ষ্মীর হাট ও কালীগঞ্জ হাট। শহরের রাজনগর পশুর হাটে গত রোববার গিয়ে দেখা যায়, প্রচুর গরু, ছাগল ও মহিষ। ক্রেতা-বিক্রেতায় চারদিক সরগরম। কিন্তু বেচাবিক্রি নেই তেমন একটা।
খোঁজ নিয়ে দেখা গেল, গত বছরের চেয়ে এবার গরু-ছাগলের দাম কম। গত বছর কোরবানির যে গরু ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে, এবার সে ধরনের গরু পাওয়া যাচ্ছে ১৫ থেকে ১৭ হাজারে। ছাগলের ক্ষেত্রেও একই অবস্থা বলে জানান ব্যবসায়ী ও পাইকারেরা।
রাজনগর হাটে তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকার গরুর ব্যবসায়ী ছলেমান আলী আটটি গরু নিয়ে এসেছিলেন। তিনি জানান, গত বছরের চেয়ে এবার প্রতিটি গরু তিন থেকে পাঁচ হাজার টাকা কমে ছাড়তে হয়েছে তাঁকে।
কোরবানির গরু কিনতে আসা সদরের হাঁড়িভাসা এলাকার কৃষক আবু তালেব বলেন, ‘যাঁরা কৃষি কাজ করে খান, তাঁদের হাতে টাকা নেই। পাটেরও দাম তাঁরা ভালো পাননি। ধান এখনো ওঠেনি। গরু কিনবে কী দিয়ে কৃষক?’ এদিকে শহরের নিউ মার্কেট এলাকার শিক্ষক মোশাররফ হোসেন কোরবানির পশু কিনতে এসে খুশি গলায় জানান, গত বছরের তুলনায় এবার পশুর দাম কিছুটা কম। আমদানি প্রচুর থাকায় দাম কম বলে মত প্রকাশ করেন তিনি।
এদিকে কৃষক পাটের ভালো দাম পাননি, আবার এখনো ধান ওঠেনি। এর প্রভাব পড়েছে কোরবানির পশুর বাজারে। এখনো জমছে না কোরবানির হাট।