কৃষকের গোলা ধানশূন্য এখন বাড়ছে দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকের গোলার ধান শেষ হওয়ার পর পশ্চিম বগুড়ার আদমদীঘি উপজেলার হাটবাজার এবং ধানের মোকামগুলোতে দফায় দফায় বেড়ে চলেছে ধানের দাম। বর্তমানে উপজেলার বাজারে প্রতি মণ ধান ৮০০ থেকে ৮৫০ টাকা দরে কেনাবেচা হচ্ছে। অথচ সপ্তাহ দুই আগে একই ধান ৬২৫ থেকে ৬৫০ টাকা দরে কেনাবেচা হয়েছে। ধানের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে সব ধরনের চালের দাম।ধানের ন্যায্যমূল্য না পাওয়ার কারণ হিসেবে উপজেলার কৃষকেরা সঠিক সময়ে সরকারিভাবে ধান সংগ্রহ না করাকে দায়ী করেছেন। কৃষকদের অভিযোগ, এ মৌসুমে সরকারিভাবে কৃষকদের কাছে থেকে এক ছটাক ধানও কেনা হয়নি। এ কারণে কৃষকের সব ধান চলে গেছে মজুতদারদের গুদামে। কৃষকের ঘাম ঝরানো ও কষ্টের টাকায় উৎপাদিত ধানের মুনাফা এখন ফড়িয়া ও মজুতদারেরা লুটছেন।উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় একটি সিএসডি ও তিনটি এলএসডি গুদামে মাত্র ৪৩৩ মেট্রিক টন ধান ও ১০ হাজার ১৩২ মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাল সংগ্রহের জন্য ২২২ জন চালকলের মালিকের সঙ্গে খাদ্য বিভাগের চুক্তি হয়েছে।উপজেলার আমইল গ্রামের কৃষক মোজাফফর হোসেন বলেন, ধান উদ্বৃত্ত উপজেলা আদমদীঘিতে মাত্র ৪৩৩ মেট্রিক টন ধান কৃষকের কাছ থেকে কেনার যে সিদ্ধান্ত খাদ্য বিভাগ নিয়েছে, তা কৃষকের জন্য হাস্যকর।দমদমা গ্রামের কৃষক খায়রুল ইসলাম অভিযোগ করেন, ইচ্ছা করেই খাদ্য বিভাগ ধান কাটার পর ধান কেনে না। কারণ, এ সময় ধান কেনা হলে বাজারে ধানের দাম বেড়ে যাবে, লাভবান হবে কৃষক। কৃষকের গোলার ধান শেষ হওয়ার পর তারা ধান কেনার ঘোষণা দেয়। সে সময় একদিকে কৃষকের গোলা থাকে ধান শূন্য, অন্যদিকে হাটবাজারে সরকারি ধার্য করা দামের চেয়ে ধানের দাম থাকে অনেক বেশি। চাতালমালিকদের সঙ্গে যোগসাজশ করে এ ক্ষেত্রে লাভবান হয় ফড়িয়াসহ চাতালের মালিকেরা।কৃষকদের কাছে থেকে সময়মতো ধান না কেনার বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, এখনো ধান কেনা শুরু হয়নি। তবে সম্প্রতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে ধান কেনার প্রক্রিয়া শুরু করার জন্য বলা হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুত জামান বলেন, একমাত্র কুন্দগ্রাম ইউনিয়ন ছাড়া উপজেলার অন্য কোনো ইউনিয়নে ধান কেনা শুরু হয়নি।সান্তাহার চালকল মালিক সমিতির সভাপতি আতিকুর রহমান বলেন, হঠাৎ করে ধানের দাম বেড়ে গেছে। তবে ধানের দাম বৃদ্ধির তুলনায় চালের দাম খুব বেশি বাড়েনি।