ফুরিয়ে আসছে বর্ষাকাল ও আমন ধানের চারা লাগানোর মৌসুম। অথচ কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই। শুকিয়ে গেছে বগুড়ার মাঠ-ঘাট। জমিতে পানি না থাকায় বিপাকে পড়েছেন আমনচাষিরা। পানির অভাবে মাঠে হাল দিতে পারছেন না তাঁরা। বাধ্য হয়ে কৃষক মাঠে মাঠে চালু করেছেন শ্যালোইঞ্জিনচালিত পাম্প। গভীর-অগভীর নলকূপ থেকে সাধ্যমতো সেচ দিয়ে আমন লাগাচ্ছেন তাঁরা। এতে বেড়ে যাচ্ছে উৎপাদনের খরচ।
বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক চণ্ডীদাস কুণ্ড প্রথম আলোকে বলেন, ‘১৫ আগস্ট পর্যন্ত আমনের চারা রোপণের মৌসুম। এ সময়ের মধ্যে খেতে চারা লাগানো শেষ হওয়ার কথা। অথচ খরার কারণে অনেক কৃষক এখনো আমন লাগাতে পারেননি। এ অবস্থায় গভীর-অগভীর নলকূপ চালু করে সেচ দিয়ে আমন লাগানোর জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এতে বিঘাপ্রতি অন্তত দেড় হাজার টাকা অতিরিক্ত খরচ করতে হবে কৃষককে। এতে করে খরচ বাড়লেও উৎপাদন ভালো হবে। বৃষ্টির আশায় আমন লাগাতে দেরি হলে উৎপাদন কমে যাবে।’
কৃষি বিভাগ বলছে, এবার জেলায় ১৩ লাখ ৮৩ হাজার বিঘা জমিতে আমন আবাদ হচ্ছে। সেচ দিয়ে আমন লাগাতে গিয়ে বিঘাপ্রতি কৃষকের গড়ে খরচ হবে দেড় হাজার টাকা। এভাবে আমন আবাদে কৃষকের ঘাড়ে চাপছে প্রায় ২০০ কোটি টাকার বাড়তি খরচের বোঝা।
বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, জেলার ১২টি উপজেলায় এবার চার লাখ ৯২ হাজার ৯২ মেট্রিক টন আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু আমন মৌসুমের শুরু থেকেই কম বৃষ্টিপাতের কারণে নির্ধারিত সময়ে কৃষক আমন লাগাতে পারছে না।
৫ আগস্ট বগুড়ার গাবতলী, সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনট উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকেরা মাঠে মাঠে গভীর-অগভীর নলকূপ চালিয়ে সেচ দিয়ে জমি তৈরি করছেন। কোনো কোনো খেতে কৃষকেরা চারা রোপণ করছেন।
গাবতলীর পোড়াদহ মাঠে কয়েকটি শ্যালোমেশিন চালু করে কৃষকেরা আমনের জন্য জমি তৈরি করছিলেন। কৃষক বদিউজ্জামান বলেন, ‘পাঁচ বিঘা জমিত আমন লাগাচ্চি। মাঠত পানি নাই। আকাশত বৃষ্টি-বাদল নাই। বাধ্য হয়ে শ্যালোপাম্প চালু করে সেচ দিচ্চি। ডিজেল কিনবার ঘ্যায়া হামার হাঁসফাঁস উঠিচে।’
সোনামোয়া মাঠে সেচপাম্প চালু করে জমিতে কলের লাঙল দিয়ে হাল দিচ্ছিলেন কৃষক আমজাদ হোসেন। তিনি বলেন, ‘খাল-বিল ফেটে চৌচির। খরাত ব্যমাক জমিন ফাটে গেচে। আকাশত বৃষ্টির আশাত চ্যায়া আচনো। শাওন মাস শ্যাষ। বৃষ্টির দেকা নাই। আমন না লাগালে খামো কী। বাধ্য হয়্যা শ্যালো দিয়্যা জমি তৈরি করিচ্চি। বিঘাত খরচ হচ্চে পাঁচশ টেকার মতো। দু-এক সপ্তাহে বৃষ্টি-বাদল না হলে গড়ে আরও এক-দেড় হাজার টেকা সেচ খরচ লাগবি।’ একই ধরনের কথা বলেন সোনাতলার হরিখালীর কৃষক ছমির উদ্দিনসহ ১২-১৪ জন।
সারিয়াকান্দির কাঁশাহার মাঠে ডিজেলচালিত শ্যালোপাম্প চালু করে আমনের জমি প্রস্তুত করছিলেন ফরিদ উদ্দিন। তিনি বলেন, ‘মাঠত পানি নাই। খালত পানি নাই। আমন আবাদ করব্যার ঘ্যায়া মাঠে মরিচ্চি। ইরির মতোই খরচ হচ্চে। শ্যালো চালু করে জমি লাগাচ্চি। অথচ ইরির চেয়ে আমনের ফলন অর্ধেক কম হয়। খরচের টেকাই উটপি না। কিন্তু ঘরের ভাত লাগবি। জমি ফ্যালে রাখে তো লাভ হচ্চে না।’
নলকূপ মালিক সাইফুল ইসলাম বলেন, ‘এক বিঘা জমিত সেচ দিতে ৩০০ টেকার ডিজেল লাগিচ্চে। অন্য খরচসহ বিঘাপ্রতি জমি প্রস্তুত করতে সেচ খরচ লিচ্চি ৫০০ টেকা। আরও দুই দফা সেচ দিতে গেলে বিঘাপ্রতি লেব দেড়-দুই হাজার টাকা’।