কৃষকের ঘামঝরা ধান সেচপাম্প মালিকের গোলায়
বোরো ধানের ফলনের বড় একটি অংশ চলে যাচ্ছে সেচ-ব্যবস্থাপকদের গোলায়। শরীয়তপুরে সেচপাম্পের মালিকদের সিন্ডিকেটের কাছে কৃষকেরা অসহায় হয়ে পড়েছেন। বোরো চাষে সেচের জন্য সরকার বিদ্যুৎ ব্যবহারের ওপর ভর্তুকি দিলেও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চাষিরা এ সুবিধা পাচ্ছেন না। এ উপজেলায় সেচযন্ত্রের মালিকেরা কৃষকদের কাছ থেকে বেশি টাকা নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শরীয়তপুর সদর, নড়িয়া ও জাজিরা উপজেলার বোরো জমিতে পানি সরবরাহের জন্য কৃষকদের কাছ থেকে উৎপাদিত ধানের শতকরা ২৫ ভাগ নেওয়া হয়। অপরদিকে ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় সেচ বাবদ শতকরা ৩৫-৪০ ভাগ ধান নেওয়া হয়। কৃষকেরা জানান, একরপ্রতি এই এলাকায় ১০০ মণ ধান উৎপাদিত হয়; যার থেকে পানি সরবরাহের জন্য ২৫-৩০ মণ ধান নিয়ে যান সেচ-মালিকেরা। যার বাজারমূল্য ১৫ থেকে ২০ হাজার টাকা। এ ছাড়া ধান উৎপাদনে কৃষকের সার, কীটনাশক ও শ্রমিক বাবদ একরপ্রতি খরচ হয় ২৫-৩০ হাজার টাকা। সেচ-ব্যবস্থাপককে ধান দেওয়ার পর অনেক কৃষক উৎপাদন ব্যয় তুলতে পারেন না। এ অঞ্চলের সেচ-মালিকেরা ২০০ থেকে ৩০০ একর জমি একসঙ্গে সেচ দিয়ে থাকেন। শরীয়তপুর সদর উপজেলার চর স্বর্ণঘোষ গ্রামের কৃষক করম আলী পেদা (৪৫) বলেন, ‘প্রতিবছর আমাদের বোরো ধানের জমিতে সেচের পানির জন্য শতকরা ১৫ ভাগ ধান দিতাম। এ মৌসুমের শুরুতে ব্লক ম্যানেজার শতকরা ২৫ ভাগ ধান দাবি করেন। আমরা প্রতিবাদ করি। অনেক সালিস বৈঠক হয়েছে। আমরা শতকরা ২০ ভাগ ধান দিতে রাজি হই। ব্লক ম্যানেজার ক্ষুব্ধ হয়ে সেচ বন্ধ রেখেছেন। এতে আমাদের প্রায় ১৫০ একর জমি অনাবাদি রয়ে গেল।’ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুরে ডিজেলচালিত পাম্প মেশিনে একরপ্রতি সেচের খরচ হয় দুই থেকে আড়াই হাজার টাকা। আর বিদ্যুৎচালিত পাম্পে খরচ হয় ৭০০ থেকে ৮০০ টাকা। সরকার বিদ্যুৎচালিত সেচপাম্পের বিলে ২০ শতাংশ ভর্তুকি দেয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক গোপাল চন্দ্র রায় বলেন, ‘সেচ-মালিকেরা পানির খরচ বাবদ এত ধান কৃষকের কাছ থেকে নিয়ে যায়, আমার জানা ছিল না। দরিদ্র কৃষকদের বাঁচাতে হলে সেচ-ব্যবস্থাপকদের সিন্ডিকেট থেকে তাঁদের বের করতে হবে।’ লক্ষ্মীপুরের রায়পুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্র জানায়, ২০০৫ সাল থেকে বিদ্যুৎচালিত সেচযন্ত্রের মাধ্যমে যেসব চাষি বোরো চাষ করেন, সরকার তাঁদের ২০ শতাংশ ভর্তুকি দিচ্ছে। ভর্তুকির এই টাকা সেচযন্ত্রের মালিকের বিদ্যুৎ বিল থেকে বাদ দেওয়া হচ্ছে। সরকারি নির্দেশ অনুযায়ী, বিদ্যুৎচালিত সেচযন্ত্রের মাধ্যমে চাষাবাদে যে পরিমাণ খরচ হয়, সে অনুযায়ী কৃষকদের কাছ থেকে সেচযন্ত্রের মালিকেরা শতকরা ২০ টাকা কম নেবেন। কিন্তু কোনো সেচযন্ত্রের মালিকই সে নিয়ম মানছেন না। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎচালিত সেচযন্ত্র দিয়ে এ বছর তিন হাজার ৫২৫ একর জমিতে বোরো আবাদ হয়। এ বছর চরবংশী, চরকাছিয়া ও উদমারা এলাকায় বেশি বোরো আবাদ হয়েছে। বিদ্যুৎচালিত প্রকল্পে সেচের জন্য কৃষকের কাছ থেকে শতাংশপ্রতি ১৬-১৭ টাকা নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু সেচযন্ত্রের মালিকেরা নিচ্ছেন ৩০-৩৫ টাকা। বিদ্যুৎচালিত সেচযন্ত্রের মালিক মিজান মোল্লা ও আলাউদ্দিন বলেন, ‘শতকরা ২০ টাকা ভর্তুকি পাই। এ বিষয়টি কৃষকদের জানিয়ে শতাংশপ্রতি ৩০-৩৫ টাকা নেওয়া হয়।’ পল্লী বিদ্যুৎ সমিতির রায়পুর কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক পংকজ চৌধুরী বলেন, ‘আমরা বিদ্যুৎ বিল থেকে ২০ শতাংশ বাদ দিয়ে দিই। তবে এ সুবিধা প্রান্তিক কৃষকেরা পান না বলে শুনেছি। এ ব্যাপারে আমাদের কিছুই করার নেই।’ উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইকবাল বলেন, বিদ্যুতের ভর্তুকি কৃষকদেরই পাওয়ার কথা। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।