
হাজারো একর জমির বোরো ধান আর মাত্র কয়েক দিন পর পাকত। পাহাড়ি ঢলের পানি চাপ দিচ্ছিল ফসল রক্ষা বাঁধে। হাজার হাজার কৃষক এক সপ্তাহ ধরে দিনরাত একাকার করে বাঁধের বিভিন্ন অংশ মাটি ফেলছিলেন। বাঁধটি টিকিয়ে রাখছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। গতকাল শনিবার সকালে সুনামগঞ্জের শাল্লা উপজেলার এই ছায়ার হাওরের বাগড়াধরা এলাকায় বাঁধ ভেঙে যায়। পানি ঢুকে চোখের সামনে তলিয়ে যায় সারা বছর খেয়ে-পরে বাঁচার একমাত্র ভরসা বোরো ধান।
বেশ কয়েকজন কৃষক প্রথম আলোকে বলেছেন, এই হাওরে সুনামগঞ্জের শাল্লা উপজেলা ছাড়াও নেত্রকোনার খালিয়াজুরি ও মদন এবং কিশোরগঞ্জের ইটনা উপজেলার কৃষকদের জমি আছে। শুধু শাল্লা উপজেলার কৃষকদের জমি আছে ১৭ হাজার ২৯০ একর। সবার ধানখেত ঢলের পানিতে তলিয়ে গেছে। এ হাওরে অন্তত ১৫ হাজার হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়। এক মুঠো ধান কেউ ঘরে তুলতে পারেননি। কী খেয়ে বাঁচবেন তাঁরা?
শাল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার ও হবিবপুর ইউপির চেয়ারম্যান জামান চৌধুরী বলেন, এক সপ্তাহ ধরে এলাকার হাজারো মানুষ দিনরাত ধানখেত রক্ষায় বাঁধে স্বেচ্ছাশ্রমে কাজ করেছেন। কিন্তু শেষরক্ষা হয়নি। গত শুক্রবার রাত থেকে বাঁধ উপচে হাওরে পানি ঢুকতে শুরু করে। গতকাল সকালে শেষমেশ বাগড়াধরা এলাকার বাঁধটি ভেঙে যায়। হাওরের বিস্তৃত ফসল মাঠে পানি থইথই করে। এ দৃশ্য দেখে কৃষকেরা বুক চাপড়ে ডুকরে কাঁদতে থাকেন। তাঁদের সর্বনাশ হয়ে গেছে।
ডুমরা গ্রামের কৃষক রবীন্দ্র সরকার (৬৫) বলেন, ‘আমরার সব শেষ অই গিছে। আপনারা যে কইন, সরকারে ১০ টাকা কেজি দরে চাউল দিব। আমরা এই চাউল কিনার টাকা পাইতাম কই! আমরার হাতে তো এক টাকাও নাই। ফসল খাইছে পানিতে। বাঁচনের আর কোনো কায়দা নাই। বউ পোলাপান লইয়া কিতা খাইয়া বাঁচবাম? আমরা জিন্দা মড়া অইয়া গেছি।’
বিক্ষোভ-সমাবেশ অব্যাহত
হাওরে ফসলডুবির প্রতিবাদে এবং হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল সুনামগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন হয়েছে।
এ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। সকালে পৌর শহরের পূরবী বিপণিবিতানে সংবাদ সম্মেলনে এই দাবি জানান জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী। একই দাবিতে বিএনপির উদ্যোগে সমাবেশ হয়েছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলাবাজারে।
বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার থেকে শহরের ওয়েজখালী এলাকা পর্যন্ত পদযাত্রা করে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’। পরে ওয়েজখালী পয়েন্টে সংগঠনের যুগ্ম আহ্বায়ক বিজন সেন রায়ের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক এনাম আহমদ, যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য পিনাক রঞ্জন দেবনাথ, আয়োজক সংগঠনের সদস্যসচিব বিন্দু তালুকদার, কৃষক আবদুল কাইউম প্রমুখ।
বিকেল চারটায় শহরে বিক্ষোভ মিছিল করে আলফাত স্কয়ারে সমাবেশ করেছে জেলা ছাত্র ইউনিয়ন। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রইসুজ্জামান, জেলা শাখার সভাপতি তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ ফয়সল আহমদ প্রমুখ। একইভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত রেশন কার্ড দেওয়ার দাবিতে বেলা দুইটায় মানববন্ধন হয়েছে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশবাজারে। স্থানীয় ‘হাওর বাঁচাও কৃষক বাঁচাও আন্দোলন’ এই মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মহিবুর রহমান, সাধারণ সম্পাদক হাসান বশির প্রমুখ।
এসব কর্মসূচিতে বক্তারা বলেন, সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ে না হওয়ায় এবং কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হওয়ার কারণে বাঁধ ভেঙে জেলার ৯০ ভাগ বোরো ধান তলিয়ে গেছে। কৃষকেরা এক মুঠো ধান ঘরে তুলবেন, এই আশা নেই। একমাত্র ফসল হারিয়ে জেলার লাখ লাখ কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। কৃষকদের বাঁচাতে সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে। সেই সঙ্গে আগামী এক বছর সুনামগঞ্জে খোলাবাজারে চাল বিক্রি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ভিজিডি ও ভিজিএফ কার্ড বিতরণ করাসহ তাঁদের সব কৃষিঋণ মওকুফ করতে হবে। অনিয়ম-দুর্নীতিতে জড়িত কর্মকর্তাসহ অন্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
জেলা কৃষি কার্যালয়ের হিসাবমতে, জেলায় এ বছর ২ লাখ ২৩ হাজার ৮৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ফসল রক্ষা বাঁধ ভেঙে এ পর্যন্ত সুনামগঞ্জে শতাধিক হাওরের ২ লাখ ৯৬ হাজার ৪৫৪ একর জমির ধান তলিয়ে গেছে। তবে স্থানীয় কৃষকেরা বলছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হবে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) হাওরের এই ফসল রক্ষায় ৫৮ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করছে। কৃষকদের অভিযোগ, বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়া এবং কাজে অনিয়মের কারণেই তাঁদের ফসল হারাতে হলো।