কৃষকের চোখেমুখে দুশ্চিন্তার ছাপ
চলতি বন্যায় কুড়িগ্রামে কৃষক প্রায় নিঃস্ব। তাঁদের চোখেমুখে দুশ্চিন্তার ছাপ। তিন সপ্তাহ আগে যে সবুজ ধানি জমি দেখে কৃষকের বুক আশায় ভরে উঠেছিল, বন্যার পানিতে তা নষ্ট হয়ে যাওয়ায় এখন কেবলই হাহাকার বিরাজ করছে। কৃষি বিভাগের হিসাবমতে, ১২২ কোটি ৫০ লাখ টাকা টাকার ফসল নষ্ট হতে পারে।গত সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের চর রসুলপুরের কৃষক মকবুল হোসেন উঠানে বসে দেড়-দুই ফুট পানির নিচে তলিয়ে থাকা ধানখেতের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছেন। তাঁর কাছে গিয়ে অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘হামার দুঃখের শেষ নাই। সাত বিঘা জমিত ধান আবাদ করছিলাম, সব শেষ। দেখেন না, পানিত ডুবি আছে। কেমন করি চলম, আল্লায় জানে। বাড়ির অবস্থা ছিন্নভিন্ন।’ একই এলাকার গৃহস্থ ইব্রাহিম আলী বলেন, ‘১৫ বিঘা জমিতে আমন লাগায়ছিলাম, বন্যায় সব শেষ। গত দুইবার বন্যায় যে ক্ষতি হয় নাই, এবার শেষ করি দিয়া গেল। হামরা গৃহস্থ মানুষ, জমি ছাড়া অন্য আয়ের পথ নাই। সংসারে ১৫ জন মানুষ খায়। দিনে তিন-চার কেজি চাউল লাগে। অন্যান্য খরচ তো আছে। কিনে খেতে গেলে জমি বেচা ছাড়া উপায় নাই।’চরাঞ্চল ঘুরে দেখা গেছে, বন্যার পানি চারদিকে থই থই করছে। কোথাও খেতের ফসল দেখা যাচ্ছে না। মাঝেমধ্যে গ্রামের গাছগাছড়াগুলো বিচ্ছিন্ন দ্বীপের মতো দেখা যায়। জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের ফসলও এক থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে আছে।ব্রহ্মপুত্র নদের অষ্টমীরচরের কৃষক বক্কর আলী বলেন, ‘পানি কমে যেতে আরও এক সপ্তাহ লাগবে। ফসল বাঁচবে না। মাঝখানে কোনো আবাদ নাই। বোরো মৌসুমের জন্য অপেক্ষা করতে হবে। বন্যায় যে ক্ষতি হইল, বোরো মৌসুমে টাকার জন্য আবাদ করতে পারব না।’পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবু তাহের জানান, কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে ১৬টি নদ-নদী প্রবাহিত। এসব নদ-নদীর বিভিন্ন স্থানে ৪১০টি চর রয়েছে। গত ১৫ সেপ্টেম্বর থেকে হঠাৎ করে কুড়িগ্রামে বন্যা শুরু হয়। ভারতের আসাম রাজ্যে ব্রহ্মপুত্র নদে ব্যাপক বন্যা হয়। সেই পানি কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার বহু এলাকা প্লাবিত হয়। ওই সময় ব্রহ্মপুত্র চিলমারী এলাকায় বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে জেলার তিন শতাধিক চরের ৫৪ হাজার পরিবারের আড়াই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। তবে এখন সবগুলো নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রতীপ কুমার জানান, বন্যায় জেলার ৩৫ হাজার হেক্টর জমির ধান নিমজ্জিত হয়েছে। ব্যাপক এলাকার বাদাম, কলাই, কলাসহ বিভিন্ন ফসলও তলিয়ে আছে। এতে ১২২ কোটি ৫০ লাখ টাকার ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তিনি বলেন, ‘আমরা কৃষকদের আগামী রবি মৌসুমে ফসল আবাদ করে ক্ষতি পুষিয়ে নিতে পরামর্শ দিচ্ছি। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত পুনর্বাসনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’