কৃষকের জন্য চারা-বীজ, শিশুদের পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ঈদ উপলক্ষে গতকাল নাটোরের দিঘাপতিয়া বালিকা সদনের শিশুদের পোশাক দেওয়া হয়। নতুন জামা পরে উচ্ছ্বসিত শিশুরা l প্রথম আলো
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ঈদ উপলক্ষে গতকাল নাটোরের দিঘাপতিয়া বালিকা সদনের শিশুদের পোশাক দেওয়া হয়। নতুন জামা পরে উচ্ছ্বসিত শিশুরা l প্রথম আলো

আমনের চারা হাতে পেয়ে তারাগঞ্জের কৃষক রবিউল ইসলাম বললেন, ‘আমি কৃষক মানুষ। জমি চাষ করে খাই। বন্যায় এক বিঘা জমির ধান পচে গেছ। হাতে টাকা নাই, তাই চারা কিনতে পারব না। এই চারা না পেলে আমার জমি খালি পড়ে থাকত।’

নতুন জামা পেয় উচ্ছ্বসিত নাটোরের দিঘাপতিয়া বালিকা শিশুসদনের নূরজাহান বলল, ‘জীবনে কখনো দোকানের জামা পরিনি। আজই প্রথম পরলাম। ঈদের দিন নতুন জামা পরে সবাই মিলে খুব মজা করব।’

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল বৃস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে আমনের চারা, সবজির বীজ, শিশুদের জামাকাপড় ও সেমাই-চিনি বিতরণ করেছেন বন্ধুসভার সদস্যরা।

তারাগঞ্জ (রংপুর)

‘মুই কৃষক মানুষ। ভুঁই চাষ করি ভাত খাঁও। এক বিঘা ভুঁইয়োত ধান নাগাছনু, পচি গেইছে। হাতোত টাকা নাই। ওই জন্যে মুই চারা কিনি ভুঁই গাইড়বার পাঁও নাই। প্রথম আলোর ধানের চারাকোনা না পাইলে এইবার মোর ভুঁই খালি পড়ি থাকিল হয়।’ আমন ধানের বলান চারা হাতে পেয়ে কথাগুলো বলেন আলমপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক রবিউল ইসলাম।

রংপুরের তারাগঞ্জে চারটি ইউনিয়নের বন্যাকবলিত ১১ গ্রামের ১০০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে প্রায় ২৫ একর জমিতে রোপণের জন্য আমন ধানের চারা দেওয়া হয়। জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষকদের হাতে চারা তুলে দেন ইকরচালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।

বিরামপুর (দিনাজপুর)

অন্যের জমি বর্গা নিয়ে জমিতে রোপণ করা চারা বন্যায় নষ্ট হয়ে যাওয়ায় তাঁরা হয়ে পড়েছেন দিশেহারা। টাকার অভাবে নতুন করে আবাদ করতে না পারায় বিপদে ছিলেন তঁরা। গতকাল আমনের ‘জিরা’ জাতের চারা পেয়ে স্বস্তি ফিরে এসেছে বন্যায় ক্ষতিগ্রস্ত চল্লিশ কৃষকের।

উপজেলার বেলতলী বালিকা বিদ্যালয়ে কৃষকদের মধ্যে চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী। উপস্থিত ছিলেন বেলতলী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ উল আলম, সাংবাদিক আফসার আলী প্রমুখ।

শেরপুর

‘কৃষিকাজ কইরা সংসার চালাই। নিজের জমি নাই। ছয় কাঠা জমি বর্গা নিয়া মুলা, ঝিঙ্গা, চিচিঙ্গাসহ বিভিন্ন সবজি আবাদ করছিলাম। সব সবজি বন্যার পানিতে নষ্ট হইয়া গেছে। চিন্তায় দিন কাটাইতাছিলাম। আইজ আপনেগরে দেওয়া বীজ পাইয়া আশার আলো দেখতাছি।’ সবজি বীজ পেয়ে অনুভূতি শেরপুরের সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী নয়াপাড়া গ্রামের প্রান্তিক চাষি সুলতান মিয়া।

জঙ্গলদী গ্রামসহ এই ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ সবজিচাষির মধ্যে গতকাল উচ্চ ফলনশীল জাতের সবজি বীজ বিতরণ করা হয়।

নাটোর

‘জীবনে কখনো দোকানের জামা পরিনি। আজই প্রথম পরলাম। ঈদের দিন নতুন জামা পরে সবাই মিলে খুব মজা করব।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে কথাগুলো বলছিল নাটোরের দিঘাপতিয়া বালিকা শিশু সদনের বাসিন্দা নূরজাহান (১৫)। তার সঙ্গে থাকা আরও ১৫৯ জন অনাথ শিশু-কিশোরকে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়। একই সঙ্গে সদনের পাঁচ কর্মীকেও নতুন পোশাক দেওয়া হয়।

নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত শিশুরা একে অপরকে আলিঙ্গন করে ঈদের দিনের পরিবেশ তৈরি করে। শিশুদের এই আনন্দের দিনে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক শাহীনা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন ও সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা আবুল কালাম আজাদ।

ফরিদপুর

ফরিদপুর সদরে বন্যাদুর্গত ১০০ কৃষকের মধ্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে।

গতকাল সদর উপজেলা চত্বরে কৃষকদের হাতে লাউ, কুমড়া, উচ্ছে, পালং শাক, মুলা, লালশাক, বেগুনের বীজ দেওয়া হয়।

বীজ বিতরণ অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জি এম আবদুর রউফ, সদরের ইউএনও প্রভাংশু সোম মহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সংস্কৃতিকর্মী মাহাবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বদরগঞ্জ (রংপুর)

রংপুরের বদরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৯ জন কৃষকের মধ্যে আমনের বলান চারা বিতরণ করা হয়েছে। গুটি স্বর্ণা ও ব্রিধান-৩৪ (জিরাশাইল) জাতের এই চারা অন্তত ২০ একর জমিতে লাগাতে পারবেন কৃষকেরা। কৃষকদের হাতে আমনের চারা তুলে দেন বদরগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল হোসেন ও বদরগঞ্জ উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র রায়।

দিনাজপুর

দিনাজপুরে গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার পশ্চিম বালুয়াডাঙ্গা, দপ্তরিপাড়া, উপশহরসহ সাতটি গ্রামে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বন্ধুসভার সদস্যরা ১০০ বন্যার্ত পরিবারের মাঝে এক কেজি করে সেমাই, চিনি ও এক প্যাকেট গুঁড়ো দুধ বিতরণ করেন। সেমাই, চিনি ও গুঁড়া দুধ হাতে পেয়ে হঠাৎপাড়ার মরিয়ম খুশি হয়ে বলেন, ‘সেমাই-চিনি কিনতে ম্যালা পয়সা লাগে, মন চাইলেও খাওয়া হয়ে ওঠে না। ঈদের দিনে বাচ্চাকাচ্চা নিয়ে সেমাই খাইতে পারব।’

কুড়িগ্রাম

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করা হয়।

চারা পেয়ে দেবলের ভিট গ্রামের কৃষক কাশেম আলী বলেন, ‘এর চায়া উপুকার আর হয় না বাহে। জমি বানে খায়া গেইছে। কোনোঠে চারা নাই। তোমরা কোঠে থাকি আসি এদন উপকার করলেন।’

 বগুড়া

 বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর চর চকরতিনাথে ১৪০ জন কৃষকের হাতে উন্নত জাতের বীজের প্যাকেট তুলে দেওয়া হয়েছে।

এ ছাড়া বগুড়া বন্ধুসভার মাধ্যমে বন্যার্তদের মাঝে বিতরণের জন্য বগুড়া জিলা স্কুলের ৯৯ ব্যাচের প্রাক্তন কয়েকজন শিক্ষার্থীর দেওয়া ১১০টি শাড়ি-লুঙ্গি বন্যার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়।

(প্রথম আলো নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবরের ভিত্তিতে তৈরি প্রতিবেদন)

বন্যা ত্রাণ তহবিল

গতকাল যাঁরা সহায়তা করেছেন

আউচান ইন্টারন্যাশনাল ঢাকা লেইসন অফিস ১ লাখ ৫৪ হাজার ৬০, চট্টগ্রাম কাফকো স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ৫০ হাজার ২৮০, মাহমুদ সাজ্জাদ ৩৮ হাজার, নাম প্রকাশে অনিচ্ছুক ১৮ হাজার, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড ১৫ হাজার ৮০০, তারিক আনাম খান ১৫ হাজার, ড. আইয়ুবুর রহমান ভূইয়া ১০ হাজার, রুহুল মতিন ৪ হাজার, আনোয়ার উল রিম রতন ১ হাজার, মিসেস কানিজ ফাতেমা ১ হাজার, মিসেস সাঈদা হোসেন ১ হাজার, সুলতানা বেগম ৫০০ এবং সরাসরি ব্যাংকে জমা ১ লাখ ৮২ হাজার ৫০০ টাকা।

lগতকাল মোট জমা

৪,৯১,১৪০ টাকা

এ পর্যন্ত মোট জমা

৬৩,২৪,৭৫৯ টাকা

l ২২ জুলাই থেকে গতকাল পর্যন্ত বিতরণ ৬১,৬৬,২৯২ টাকার ত্রাণ।

তহবিলে অর্থ সহায়তার জন্য

প্রথম আলো ট্রাস্ট: ত্রাণ তহবিল

হিসাব নম্বর ২০৭-২০০-১১১৯৪

ঢাকা ব্যাংক লিমিটেড

কারওয়ান বাজার শাখা।