
কৃষিকে এগিয়ে নেওয়ার মতো যথেষ্ট পরিমাণে কার্যকর জ্ঞান ও প্রযুক্তি সরকারি সংস্থাগুলোর আছে। বেসরকারি সংস্থাগুলোও এ ক্ষেত্রে কাজ করছে। এখন তথ্যসেবাকে সহজ করে এসব জ্ঞান ও তথ্য কৃষকের দোরগোড়ায় পৌঁছাতে পারলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকের আর্থসামাজিক অবস্থারও উন্নতি হবে।
গতকাল শনিবার প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত ‘কৃষি সম্প্রসারণে আইসিটির ভূমিকা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এসব কথা বলেন। প্রথম আলো আয়োজিত ওই বৈঠকে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা এগ্রি-বিজনেস ফর ট্রেড কম্পিটেটিভনেস প্রকল্প-ক্যাটালিস্ট।
বৈঠকে বক্তারা কৃষকদের বোধগম্য করে সহজভাবে তথ্য সরবরাহের ওপর গুরুত্ব দেন। তাঁরা কৃষকের কাছে তথ্য সরবরাহকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের কথা বলেন।
বৈঠকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠসেবা বিভাগের পরিচালক শেখ হেমায়েত হোসেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জনবল ও তাঁদের কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, সারা দেশে তাঁদের ১২ হাজার কৃষিকর্মী আছেন। এসব কর্মীর প্রতি কৃষকের যথেষ্ট আস্থা আছে। কৃষিকর্মীদের সহযোগিতায় কৃষকের দোরগোড়ায় তথ্যসেবা পৌঁছাতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন সংস্থার (এসআরডিআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মকবুল হোসেন জানান, দেশের প্রতিটি উপজেলার মাটির নিয়ে তাঁদের গবেষণা আছে। তিনি বলেন, ‘মাটি পরীক্ষা করে আমরা নির্দেশনা দিতে পারি কোন মাটিতে কী পরিমাণে কোন সার দিতে হবে। এ নির্দেশনা মানলে শস্য উৎপাদন ৩০ শতাংশ বাড়বে।’
মকবুল হোসেন বলেন, মাটি ও সার-সংক্রান্ত এ তথ্য কৃষকের দোরগোড়ায় পৌঁছাতে হলে তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করা উন্নয়ন সংস্থা এবং সেবাদানকারী সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে।
ক্যাটালিস্টের ব্যবস্থাপক নাফিয়া হুসাইন বলেন, ‘আমরা যত ভালো প্রযুক্তি নিয়ে যাই না কেন তাতে কৃষকের আস্থা থাকতে হবে। সরকারি সংস্থাগুলোর দেওয়া তথ্যের ওপর কৃষকের আস্থা বেশি।’ তিনি আরও বলেন, বেসরকারি সংস্থাগুলোর তথ্যসেবার সঙ্গে সরকারি সংস্থাগুলোর সমন্বয় থাকতে হবে।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, একসময় দেশের কৃষকেরা তাঁদের অভিজ্ঞতা দিয়ে কাজ করতেন। এখন অনেক ধরনের প্রযুক্তি এসেছে। কৃষকের অভিজ্ঞতা ও প্রযুক্তির মধ্যে সমন্বয় দরকার। তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে মুঠোফোনের মাধ্যমে আখচাষিরা ই-পূর্জি পাচ্ছেন। এতে তাঁদের লোকসান ও হয়রানি কমছে। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘অন্যান্য তথ্যপ্রযুক্তির মাধ্যমে এ সেবা নিয়ে যেতে হবে।’
কৃষি তথ্য সার্ভিসের গণযোগাযোগ বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, কৃষি তথ্য সার্ভিস থেকে সারা দেশে যে তথ্যসেবা কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে, তাতে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ কৃষক হাজির হন। বর্তমান জনবল দিয়ে এঁদের সবাইকে তথ্যসেবা দেওয়া যাচ্ছে না। কৃষি উৎপাদন বাড়ানোর চেয়ে কৃষি পণ্য বিপণন নিয়ে এখন সরকার বেশি চিন্তিত বলে তিনি মন্তব্য করেন।
মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের হেড অব বিজনেস স্ট্র্যাটেজিক প্রজেক্ট জালাল হোসেন বলেন, ‘বাংলালিংকে কেউ ৭৬৭৬-এ ফোন করে কৃষি তথ্যসেবা পেতে পারেন। কৃষকদের পণ্য ভালোমতো বাজারজাত করতে আমরা অনলাইনভিত্তিক কৃষি বাজার করার পরিকল্পনা করছি।’
গ্রামীণফোনের ভিএএস ও ডিজিটাল সার্ভিসেসের প্রধান বিশেষজ্ঞ সুমাইয়া সাদিয়া রায়হান বলেন, ‘গ্রামীণফোনও এ সেবা ২৭৬৭৬ নম্বরের মাধ্যমে কৃষি তথ্যসেবা দিচ্ছে। দেশের কৃষকের সংখ্যা দেড় কোটি হলেও আমরা এখনো কৃষি তথ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে হাজারের ঘরে আটকে আছি। দেশের সব কৃষকের কাছে তথ্যসেবা পৌঁছাতে হলে কৃষকের প্রায়োগিক জ্ঞান ও তথ্যপ্রযুক্তির মধ্যে সমন্বয় আনতে হবে।’
কৃষি তথ্যসেবা প্রদানকারী বেসরকারি উন্নয়ন সংস্থা উইন ইনকরপোরেটের প্রধান নির্বাহী কাশফিয়া আহমেদ বলেন, কৃষকের কাছে কোনো তথ্যসেবা নিয়ে গেলে তাঁরা প্রথমে জানতে চান এ তথ্য সরকার অনুমোদিত কি না। বেসরকারি সংস্থাগুলো কৃষককে যে তথ্য দিচ্ছে তার বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে একটি সরকারি সংস্থা ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিষ্ঠান থাকা দরকার।
বাংলালিংকের ইনফ্রাস্ট্রাকচার বিজনেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট নুজহাত জান্নাতুন নাঈম বলেন, বাংলালিংক এ পর্যন্ত কৃষকের ৪০ হাজার প্রশ্নের উত্তর দিয়েছে। তারপরও অনেক প্রশ্নের উত্তর দেওয়া যায়নি। তিনি জানান, কৃষকদের আরও বেশি তথ্যসেবা দিতে বাংলালিংক পরিকল্পনা করছে।
গ্রামীণফোনে ভিএএস অ্যান্ড ডিজিটাল সার্ভিসেসের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মুনতাসির হোসেন বলেন, দেশের তথ্যপ্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কম্পিউটার ও ল্যাপটপের ব্যবহার কমে যাচ্ছে। মোবাইল ফোন ট্যাবের ব্যবহার বাড়ছে। ফলে সামনের দিনগুলোতে তথ্যসেবা দিতে হলে প্রযুক্তির এ বদলকে মাথায় রাখতে হবে।
প্রযুক্তি সংস্থা উন মিয়াকির হেড অব টেকনিক্যাল রেমিজিয়াস রেমি বলেন, ‘আমরা কৃষকদের যেসব তথ্য দিচ্ছি তা আদৌ তাঁরা প্রয়োগ করছেন কি না তার ওপরে নির্ভর করছে এর সফলতা।’ কৃষকের চাহিদাকে মাথায় রেখে তথ্যসেবা দেওয়ার পরামর্শ দেন তিনি।
গোলটেবিলের শুরুতে ক্যাটালিস্টের বিজনেস কনসালট্যান্ট সাকিব খালেদ ভিডিও উপস্থাপনার মাধ্যমে ক্যাটালিস্টের কৃষি তথ্যসেবা দেওয়ার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ‘এ সেবাকে আরও বর্ধিত পরিসরে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি।’