কৃষকের জমি দখলের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক দরিদ্র কৃষকের সরকারি বন্দোবস্ত পাওয়া জমি বেদখল করে আওয়ামী লীগের এক নেতা সেখানে ইটভাটা নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।কলাপাড়া প্রেসক্লাবে গতকাল বুধবার দেওয়া লিখিত অভিযোগে উপজেলার লতাচাপলী ইউনিয়নের ডংকুপাড়া গ্রামের কৃষক মো. নাসির উদ্দিন মুন্সী বলেন, ২০১০ সালের ২১ অক্টোবর ৩৪ নম্বর লতাচাপলী মৌজার ২৪২৮ নম্বর খতিয়ানের ৯৪৫৮ নম্বর দাগ থেকে এক একর জমি নাসির উদ্দিন ও তাঁর স্ত্রী মামণি বেগম সরকারিভাবে বন্দোবস্ত পান, যার রেজিস্ট্রি দলিল নম্বর-৬৪৭১/১০ ও বন্দোবস্ত কেস নম্বর-১৩৬ কে/২০০৬-২০০৭। তারপর থেকে তাঁরা ওই জমিতে চাষাবাদ করে আসছেন। গত এক সপ্তাহ আগে থেকে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও লতাচাপলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল বারেক মোল্লা ওই জমিতে মাটি কাটার কাজ শুরু করেন। এরই মধ্যে জমিটি তিনি পুরোপুরি বেদখল করেছেন।অভিযোগে কৃষক নাসির উদ্দিন আরও উল্লেখ করেন, তিনি সপরিবারে ঢাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে মঙ্গলবার বাড়ি গিয়ে দেখেন, তাঁর জমিটি বেদখল হয়ে গেছে। তিনি বলেন, ‘ঢাকা গোনে আইয়া দেহি জমিতে মাডি কাডা চলতেছে। আমি বাধা দিই, কোনো কতা না হুইন্যা চেয়ারম্যান সাইবে মাডি কাটা চালাইয়া যাইতেছে। হে কইছে টাহা লাগলে তোরা টাহা লইয়া যাবি, এই জমি আমার লাগবে। এ্যাহানে ব্রিকফিল্ড বানামু।’জানতে চাইলে আবদুল বারেক মোল্লা বলেন, ‘ওর জমি ওখানে আছে কি না আমি জানতাম না। তা ছাড়া ওইখানে জমি কীভাবে আছে, কোন জায়গায় আছে তা বোঝার দরকার আছে। যদি তাঁর জমি থাকে আমি ফয়সালা করতে রাজি আছি।’