কৃষকের জীবন সংগ্রাম
শরতের তপ্ত দুপুর। ফসলি মাঠজুড়ে সবুজের সমারোহ। মাঠের মাঝখানে এক টুকরো ফাঁকা জমি। সেই জমিতে হালচাষে ব্যস্ত কৃষক মহাতাব উদ্দিন (৪৮)। তবে হালের বলদ দিয়ে নয়, বলদের বদলে লাঙল টানছেন তিনি নিজেই। আর কচি হাতে লাঙল ধরে রয়েছে মাহাতাবের স্কুলপড়ুয়া দুই শিশু ছেলে তানিম (১০) ও তন্ময় (৫)। তরতর করে ঘাম ঝরে পড়ছে তাদের শরীর থেকে। আর পাশে খেতের আগাছা পরিষ্কার করছেন মাহাতাবের স্ত্রী চামেলী বেগম। ২০ অক্টোবর সরেজমিনে বগুড়ার সোনাতলা-সুখানপুকুর সড়ক দিয়ে যাওয়ার সময় পুগলিয়া গ্রামসংলগ্ন পাঁচকুড়া-হাতিবান্ধা মাঠে এ দৃশ্য চোখে পড়ল। পরে খেতে গিয়ে কথা হয় মাহাতাবের সঙ্গে। তিনি জানান, গত এক যুগ ধরে স্ত্রী-সন্তানদের মুখে ভাত তুলে দিতে অন্যের জমি পত্তন বা বর্গা চাষ করে জীবনের সঙ্গে সংগ্রাম করে যাচ্ছেন তিনি। মহাতাব উদ্দিনের বাড়ি সোনাতলা উপজেলার পুগলিয়া গ্রামে।মাহাতাব জানান, বসতভিটা ছাড়াও তাঁর নয় শতক জমি ছিল। মেয়ের বিয়ের খরচ মেটানোর জন্য সম্প্রতি সেই জমিটুকু তিনি দুই লাখ টাকায় বিক্রি করে দেন। এখন সম্পদ বলতে তাঁর বসতভিটাটুকুই সম্বল। পরে তিনি এক গৃহস্থের কাছ থেকে ১৭ হাজার টাকায় আড়াই বিঘার এই জমিটি পত্তন নেন। কিন্তু চাষ করার মতো হালের বলদও তাঁর নেই। তাই হালের বলদের কাজটি তাঁকেই করতে হচ্ছে। দিনমজুর নেওয়ার ক্ষমতা না থাকায় শিশু ছেলেদের দিয়ে খেতের কাজ করাতে হচ্ছে। মহাতাব উদ্দিন বলেন, এই আড়াই বিঘা জমির ফসল বিক্রির টাকায় তাঁর সংসার চলে না। বছরের অর্ধেক সময়ই অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হয় তাঁদের। এই জমিতে পাটের আবাদ করেছিলেন তিনি। কিন্তু পাটের আবাদ করতে তাঁর সাত হাজার টাকা খরচ হলেও পাট বিক্রি করে খরচ উঠেছে মাত্র চার হাজার টাকা। এখন মরিচ চাষের জন্য নতুন করে জমিতে হালচাষ দিচ্ছেন। তিনি বলেন, ‘মেয়ের বিয়্যার জন্যি জমি বেঁচে দিচি। সেই টেকা থ্যাকা পাঁচ হাজার টেকা মরিচের চারা আর সার কেনার জন্যি কেটে রাখিচি। বলদ কিনলে মেয়ের বিয়্যার খরচ কুলাতে পারমু না। মরিচ লাগানোর জন্য বউ-ছলক লিয়ে জমি তৈরি করিচ্চি। কচি ছলগুলাক কষ্ট দিতে খুব খারাপ লাগিচ্চে। তয় মরিচ ভালো হলে মেয়েটাক ভালোমতো বিয়্যা দিতে পারব।’মাহাতাবের ছেলে তানিম ও তন্ময় বলে, তারা দুজনই পার্শ্ববর্তী ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করে। ঈদ ও পূজার জন্য স্কুল বন্ধ থাকায় বাবার সঙ্গে তারা মাঠে কাজ করতে এসেছে। তানিম বলে, মরিচের আবাদ ভালো হলে তারা দুই ভাই বাবার কাছে নতুন জামার আবদার করবে। চামেলী বেগম বলেন, ‘ছলপল লিয়ে প্যাটের ভাতই জোটে না, কামলা লিলে টেকা কুটি থ্যাকি দিমো, সে জন্যি স্বামীর সাথে খেতত কাজ করতে আসিচ্চি।’মহাতাব উদ্দিনের প্রতিবেশী সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ টি এম আহসান হাবিব বলেন, মহাতাব খুবই হতদরিদ্র কৃষক। সারা বছরই অন্যের জমি পত্তন বা বর্গা নিয়ে তিনি দিন-রাত পরিশ্রম করে ফসল ফলান। স্ত্রী-সন্তান নিয়ে খেতে কাজ করেন। মেয়ের বিয়ের জন্য শেষ সম্বলটুকু বিক্রি করে দিয়েছেন তিনি।