কৃষকের টাকায় স্কুলভবন
কক্ষ-সংকটের কারণে শিক্ষার্থীদের কখনো দাঁড়িয়ে, কখনো বা গাদাগাদি করে অথবা খোলা আকাশের নিচে ক্লাস করতে হয়। নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ে এ দৃশ্য ছিল প্রতিদিনের। শেখ আমানত হোসেন নামের এক কৃষক বদলে দিলেন সব। ব্যক্তিগত অর্থে তিনি বিদ্যালয়ে ছয় কক্ষবিশিষ্ট একটি দ্বিতল ভবন নির্মাণ করে দিয়েছেন। ১৫ এপ্রিল থেকে তা শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে।লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম বলেন, ‘বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে বিদ্যালয়ে প্রায় ৯০০ শিক্ষার্থী রয়েছে। ভবনটি নির্মিত হওয়ার আগে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছিল। লাইব্রেরি, বিজ্ঞানকক্ষ ও কম্পিউটার ল্যাবরেটরির জন্য আরও তিনটিসহ মোট কক্ষ প্রয়োজন ১৯টি। অথচ কক্ষ ছিল ১৩টি।’বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শরীফ মাহবুবুল করিম বলেন, ‘উপজেলার পারমল্লিকপুর গ্রামের আমানত হোসেন সাধারণ কৃষক পরিবারের মানুষ। দুই ছেলে সরকারি চাকরি করেন। ছেলেদের এই চাকরির বেতন আর কৃষির আয় দিয়ে মোটামুটি চলে তাঁর সংসার। অথচ তিনি বিদ্যালয়ের দুর্দশা দেখে ছয় কক্ষের একটি দ্বিতল ভবন নির্মাণ করে দিলেন। এ ধরনের ঘটনা সবাইকে অনুপ্রাণিত করবে।’ আমানত হোসেন বলেন, ‘শ্রেণীকক্ষের অভাবে ছেলেমেয়েদের ক্লাস করতে খুবই কষ্ট হচ্ছিল। শিক্ষার সুষ্ঠু পরিবেশও ছিল না। এ অবস্থা দেখে আমার সন্তানদের চাকরির বেতনের টাকা এবং খেতের ফসল বিক্রি করে গত দুই বছর ধরে আস্তে আস্তে করে এই দ্বিতল ভবনটি নির্মাণ করেছি।’