কৃষকের তিন হাজার শসাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
মনোহরদীতে একজন কৃষকের দেড় বিঘা জমিতে চাষের শসাসহ প্রায় তিন হাজার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত শনিবার গভীর রাতে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের মাধুশাল গ্রামের আবুল হোসেনের জমিতে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, বিগত ইউপি নির্বাচনের প্রতিহিংসার জের ধরে প্রতিপক্ষরা এ গাছ কেটে দিয়েছে। এতে তাঁর চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক আবুল হোসেন।স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কৃষক আবুল হোসেন ও একই এলাকার সৈয়দ মাহমুদ জাহান সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সৈয়দ মাহমুদ জাহান ইউনিয়নের সদস্য পদে নির্বাচিত হন। এর পর থেকেই তাঁদের মধ্যে বিভিন্ন কারণে বিরোধের সৃষ্টি হয়। ১৫ দিন আগে এ বিরোধের জের ধরে স্থানীয় একটি মাজারের ওরস শরিফ এলাকায় সৈয়দ মাহমুদ জাহানের লোকজন আবুল হোসেনকে ধরে মারধর করে।এ ঘটনায় আবুল হোসেন মামলা করার হুমকি দেওয়ায় প্রতিপক্ষরা গত শনিবার গভীর রাতে তাঁর দেড় বিঘা জমিতে লাগানো শসাসহ প্রায় তিন হাজার গাছ কেটে ফেলেছে বলে অভিযোগ করেন কৃষক আবুল হোসেন। এ ব্যাপারে গোতাশিয়া ইউপি সদস্য সৈয়দ মাহমুদ জাহান বলেন, ‘আবুলের শসাখেতের গাছ কাটার ব্যাপারে আমি কিছুই জানি না। এটা তাঁর ষড়যন্ত্রেরই একটি অংশ।’ গোতাশিয়া ইউপির চেয়ারম্যান আবদুল কাদির মুঠোফোনে বলেন, গাছ কাটা খুব দুঃখজনক ঘটনা। গত ইউপি নির্বাচন থেকে আবুল আর লিটুর (সৈয়দ মাহমুদ জাহান) মধ্যে বিরোধ চলে আসছিল। আমি বেশ কয়েকবার বৈঠক করে তাঁদের মিলিয়ে দিয়েছি। তার পরও ১৫ দিন আগে স্থানীয় মিয়ার দরগায় (মাজার) লিটু তাঁর লোকজন নিয়ে আবুলের ওপর হামলা চালিয়েছে। আবুল এ ঘটনায় কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিল। হাসপাতাল থেকে আসার পর এখনো বৈঠক হয়নি। এখন আবার গত রাতে কারা যেন আবুলের শসাগাছ কেটে ফেলেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখব।’