কৃষকের ধান কিনতে মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দুটি সরকারি খাদ্যগুদামে কৃষকদের কাছ থেকে ধান কিনতে মাইকিং করা হচ্ছে। উপজেলা ধান-চাল সংগ্রহ কমিটির বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার পৌর শহরে ওই মাইকিং করা হয়।সরাসরি কৃষকদের কাছ থেকে সরকার-নির্ধারিত মূল্যে সাড়ে ১৮ টাকা কেজি দরে উপজেলা সদর ও জামালগঞ্জ খাদ্যগুদামে ধান ক্রয় শুরু হয়েছে। প্রত্যেক কৃষক সর্বনিম্ন এক বস্তা (৪০ কেজি) এবং সর্বোচ্চ এক মেট্রিক টন ধান কৃষি উপকরণ সহায়তা কার্ডের ফটোকপির মাধ্যমে বিক্রি করতে পারবেন বলে মাইকে প্রচার করা হয়েছে।গত ২৯ মে এই উপজেলায় ধান-চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মিলারদের কাছ থেকে চাল কেনা শুরু করলেও কৃষকেরা এক ছটাক ধানও খাদ্যগুদামে দিতে পারেননি। কৃষকের ধানে আর্দ্রতার মাত্রা কম থাকার অজুহাত দেখিয়ে তাঁদের কাছ থেকে ধান কেনা শুরু করতে বিলম্ব করে গুদাম কর্তৃপক্ষ। এ নিয়ে গত ৯ জুন প্রথম আলোয় ‘১১ দিনেও ধান কেনা শুরু হয়নি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।এরপর কৃষকের কাছ থেকে ধান কিনতে তোড়জোড় শুরু করে উপজেলা ধান-চাল সংগ্রহ কমিটি। এই কমিটির সদস্যসচিব উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মমীনুল হক মিয়া প্রথম আলোকে জানান, উপজেলা সদর ও জামালগঞ্জ সরকারি খাদ্যগুদামে সরাসরি কৃষকদের কাছে থেকে ধান কেনা শুরু হয়েছে। এলাকার কৃষকদের সেটি জানানোর জন্য মাইকিং করা হচ্ছে। কৃষকদের কাছ থেকে মোট ৩৬৩ মেট্রিক টন ধান কেনা হবে।উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) অহিদুর ইসলাম প্রথম আলোকে জানান, গতকাল মাইকে প্রচার করার পর তিনজন কৃষক ধান নিয়ে গুদামে এসেছিলেন। কিন্তু ১৪ শতাংশের বেশি আর্দ্রতা থাকায় তাঁদের ধান ফেরত দেওয়া হয়েছে।