কৃষকের ধান দাদন ব্যবসায়ীর গোলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার শম্ভুপুর গ্রামের কৃষক বিল্লাল হোসেনের দুই বিঘা জমিতে ধানের বাম্পার ফলন হয়েছে। এমন ফলন পেয়ে খুশিতে মন ভরে থাকার কথা তাঁর। কিন্তু তিনি ঋণ পরিশোধের চিন্তায় অস্থির। মাস চারেক আগে এক দাদন ব্যবসায়ীর কাছ থেকে চাষের জন্য ১২ হাজার টাকা ঋণ নিয়েছিলেন তিনি। ধান কাটা হলেই সেই দাদন ব্যবসায়ীকে আসল টাকা ছাড়াও সুদ হিসেবে দিতে হবে ১২ মণ ধান। শুধু এবারই নয়, গত বছরগুলোয়ও তিনি এভাবে ধান দিয়েছেন। কয়েক বছর ধরে বাম্পার ফলন পেয়েও অবস্থার কোনো পরিবর্তন হয়নি তাঁর।বিল্লাল হোসেনর মতো পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার কয়েক শ কৃষকের ধান এভাবে দাদন ব্যবসায়ীদের গোলায় চলে যাচ্ছে। এ কারণে বিল্লাল হোসেন বলেন, ‘মাথার ঘাম পায়ে ফালায়া যে ধান ফলাই, এর তিন ভাগের এক ভাগই সুদ বাবদ মহাজনের ঘরে চইল্যা যায়। এ জন্য কষ্টে বুক ফাইট্টা গেলিউ করার কিছু নাই।’চাষিরা জানান, বোরো মৌসুম এলেই তাঁরা আর্থিক সংকটে পড়েন। সার, বীজ, সেচ, শ্রমিকের মজুরিসহ আবাদের খরচ জোগাতে বাধ্য হয়ে তাঁদের দাদন ব্যবসায়ীদের কাছে হাত পাততে হয়। ব্যবসায়ীরাও সুযোগ বুঝে চড়া সুদে তাঁদের থেকে দাদনের টাকা গছিয়ে দেন। প্রতি হাজার টাকায় আসলসহ এক মণ করে ধান ব্যবসায়ীদের দিতে হয়। কষ্টার্জিত ধান ঘরে তোলার আগেই তাঁদের সামনে বস্তা নিয়ে হাজির হচ্ছেন ব্যবসায়ীদের লোকজন। এভাবেই তাঁদের উৎপাদিত ধানের একটা বড় অংশ নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।বেড়া উপজেলার বড় পায়না গ্রামের চাষি বাবলু মিয়া বলেন, ‘একেক বিঘায় ধানের আবাদ করতি সব মিলায়া ১২ হাজার টাকার মতো লাগে। এই টাকার জন্য আমাগরে মতো গরিব কৃষক বাধ্য হয়াই দাদনদারের কাছের থ্যা টাকা নেয়।’চাষিরা জানান, বোরো মৌসুমে সরকারিভাবে ঋণ দেওয়া হলে তাঁদের আর দাদন ব্যবসায়ীদের কাছে যেতে হতো না। কৃষিঋণ না পাওয়ায় বাধ্য হয়েই ঋণ নেওয়ার জন্য তাঁদের কাছে যেতে হচ্ছে। সেই ঋণ শোধ করার জন্য ধান কাটার সঙ্গে সঙ্গে তা নিয়ে তাঁরা হাটে যাচ্ছেন। সেখানে গিয়ে কম দামে তাঁদের ধান বিক্রি করতে হচ্ছে। এতে বেড়ে যাচ্ছে ক্ষতির পরিমাণ।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন দাদন ব্যবসায়ী জানান, অল্প সময়ে কম টাকা বিনিয়োগ করে বেশি লাভের জন্য তাঁরা এ ব্যবসা করছেন।বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন ও সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হোসেন জানান, বোরো আবাদের জন্য দাদন ব্যবসায়ীদের কাছ থেকে কৃষকদের ঋণ নেওয়ার বিষয়টি তাঁদের জানা ছিল না। ডাল, মসলাসহ কয়েকটি কৃষিপণ্য উৎপাদনের জন্য ঋণ দেওয়ার বিধান থাকলেও বোরো ধানের ক্ষেত্রে তা নেই।