কৃষকের ধান নলকূপ মালিকের গোলায়
‘এবার এক বিঘা জমি আদি (বর্গা) লিইয়্যা ধান লাগাছিনু। ডিপের মালিক পাঁচ কাঠা জমির ধান কাইটা লিয়ে গেচে। এখন ১৫ মণ ধান আছে। এর মধ্যে বর্গাদারকে অর্ধেক দেওয়া লাগবে, তাহলে আমার থাকল কী!’ ক্ষোভ নিয়ে কথাগুলো বলেন রাজশাহীর বাগমারার মধ্যঝিনা গ্রামের কৃষক আকবর আলী। তাঁর মতো বাগমারার কয়েক হাজার কৃষকের মনে এখন এ রকম কষ্ট। কারণ তাঁদের জমির কষ্টের ধান কেটে নিয়ে যাচ্ছেন গভীর নলকূপের মালিক ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) অপারেটররা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএমডিএর ৪০৩টি এবং ব্যক্তিমালিকানাধীন ৪০৫টি গভীর নলকূপের অধীনে বাগমারায় এ মৌসুমে ১৭ হাজার ৭০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। বিএমডিএর ১৯৯২ সালের নীতিমালা অনুযায়ী অপারেটররা প্রতি ঘণ্টায় ৭৫ থেকে ৮৫ টাকা করে নিয়ে জমিতে সেচ দেবেন। কিন্তু তাঁরা এ নীতিমালা লঙ্ঘন করেছেন। তাঁরা এখন নির্ধারিত টাকা না নিয়ে কৃষকদের জমি থেকে জোরপূর্বক ধান কেটে নিচ্ছেন।সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, ব্যক্তিমালিকানাধীন গভীর নলকূপের ক্ষেত্রে গত ২০০৮ সালে উপজেলা সেচ কমিটি ধানের পরিবর্তে টাকা নেওয়ার জন্য সুপারিশ করে স্থানীয়ভাবে একটি নীতিমালা করেছে। ওই নীতিমালা অনুযায়ী যে পরিমাণ সেচ দেওয়া হবে, তার প্রতি লক্ষ রেখে টাকা নির্ধারণ করা হবে। তবে তা প্রতি ঘণ্টায় ৯০ টাকার অধিক হবে না। কিন্তু এ নীতিমালা লঙ্ঘন করে গভীর নলকূপের মালিকেরাও জমি থেকে ধান কেটে নিয়ে যাচ্ছেন।কৃষকদের অভিযোগ, প্রতি বিঘা জমিতে চারা রোপণ থেকে ধান কাটা পর্যন্ত সেচ দিতে সর্বোচ্চ ৮৫০ থেকে ৯০০ টাকা খরচ হয়। কিন্তু গভীর নলকূপের মালিকেরা সেচের জন্য প্রতি বিঘা জমি থেকে পাঁচ মণ পরিমাণ ধান কেটে নিয়ে যাচ্ছেন। এর দাম দুই হাজার ৬৫০ টাকা (প্রতি মণ ৫৩০ টাকা)।সরেজমিনে উপজেলার ঝিকড়া, যোগীপাড়া, মাড়িয়া, হামিরকুৎসা, গণিপুর, শুভডাঙ্গা, নরদাশ, সোনাডাঙ্গা, গোয়ালকান্দিসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, গভীর নলকূপের মালিকেরা মোট জমির চার ভাগের এক ভাগ এবং কোনো কোনো স্থানে তিন ভাগের এক ভাগ ধান কেটে নিয়ে যাচ্ছেন।মধ্যঝিনা গ্রামের কৃষক ইসমাইল হোসেন জানান, তিনি এবার বিএমডিএর নলকূপের আওতায় সাত বিঘা জমিতে বোরো চাষ করেন। অপারেটর তাঁর পাঁচ কাঠা জমি থেকে প্রায় ছয় মণ পাকা ধান কেটে নিয়ে গেছেন। যার বর্তমান বাজার দাম তিন হাজার ৯০০ টাকা।আলোকনগর গ্রামের কৃষক জহির উদ্দিন ও মেহেদি অভিযোগ করেন, তাঁরা এ ব্যাপারে বরেন্দ্র কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো কাজ হয়নি। তবে বিএমডিএর বাগমারা অঞ্চলের সহকারী প্রকৌশলী এ কে এম মশিউর রহমান দাবি করেন, তিনি যেসব এলাকা থেকে অভিযোগ পেয়েছেন, সেসব এলাকায় গিয়ে ধানের পরিবর্তে টাকা দিতে কৃষকদের সহায়তা করেছেন।বিএমডিএর মধ্যঝিনা এলাকার পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা জমি থেকে চার ভাগের এক ভাগ ধান কেটে নিচ্ছি। কৃষকেরা সঠিক সময়ে সেচের টাকা দিতে পারেন না, এ কারণে কৃষকদের সমস্যার কথা বিবেচনা করেই আমরা পাকার পর ধান কেটে নিচ্ছি।’ব্যক্তিমালিকানাধীন গভীর নলকূপের মালিক হামিরকুৎসা গ্রামের মুক্তার হোসেন জানান, বরেন্দ্র কর্তৃপক্ষের গভীর নলকূপের মালিকেরা কৃষকদের জমি থেকে পাকা ধান কেটে নিয়ে যাচ্ছেন। এ কারণে তাঁরাও এ কাজ করছেন।উপজেলা কৃষি কর্মকর্তা মো. সামস-ই-তাবরিজ বলেন, অতিরিক্ত ধান কেটে না নিয়ে যে পরিমাণ খরচ হয়, সে পরিমাণ ধান কেটে নেওয়াই উচিত।উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, তাঁর কাছে এ ধরনের বেশ কয়েকটি অভিযোগ এসেছে। এ প্রথার কারণে প্রান্তিক চাষিরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ কে এম মশিউর রহমান বলেন, অনেক স্থানে কৃষকেরা গভীর নলকূপের মালিকদের (অপারেটরসহ) কাছে আগেই ধান দেওয়ার জন্য অঙ্গিকার করে লিখিত দিয়ে জমিতে সেচ নিয়েছেন।