কৃষকের ধানের টাকায় চলে মেলার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাতাসে মাঠের পর মাঠজুড়ে দুলছে সোনালি ধান। সেই ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষাণ-কৃষাণীরা। তাঁদের হাতে আসতে শুরু করেছে ধান বিক্রির টাকা। আর এ সুযোগে ঠাকুরগাঁওয়ের গ্রামগঞ্জে বসতে শুরু করেছে যাত্রা, সার্কাস ও জুয়ার আসর। ধান বিক্রির টাকা হাতে পেয়েই এসব আসরে ভিড় করছে নানা বয়সী মানুষ।
ঠাকুরগাঁওয়ের আবদুর রশিদ মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক কামরুল ইসলাম বলেন, উত্তরবঙ্গের এ অঞ্চল কৃষিপ্রধান এলাকা হিসেবে পরিচিত। নভেম্বর থেকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এ অঞ্চলের কৃষকের ধান ঘরে উঠে যায়। এ সময় তাঁদের হাতে ধান বিক্রির নগদ টাকা থাকে। আর সে সময় গ্রামগঞ্জে বসে যাত্রা, সার্কাস ও জুয়ার আসর। এসব আসরে এসে অনেকেই নিঃস্ব হয়ে বাড়ি ফিরে যান।
সম্প্রতি হরিপুর উপজেলার গোবিন্দপুর, সদর উপজেলার আরাজী ফকদনপুর, রানীশংকৈলের নেকমরদহাটে গিয়ে দেখা গেছে, গ্রামের খোলা জায়গায় বসেছে গুটিখেলা, কাটাখেলা, তিন তাসের খেলা, লটারিসহ নানা ধরনের জুয়ার আসর। সেখানে ভিড় করে জুয়া খেলছে নানা বয়সের মানুষ। ওই সব আসরে দু-একজন খেলোয়াড় জিতলেও অধিকাংশ মানুষ হেরে বাড়ি ফিরছেন। ধান বিক্রির টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন আরাজী ফকদনপুর গ্রামের কৃষক যতীন চন্দ্র বর্মণ। রাস্তার পাশে গুটিখেলা দেখে দাঁড়িয়ে পড়েন। কিছুক্ষণ দেখে আগ্রহ বেড়ে যায় তাঁর। একপর্যায়ে তিনিও খেলতে শুরু করেন। প্রথম দিকে কয়েক দান জিতলেও শেষ পর্যন্ত হেরে বসেন ধান বিক্রির সব টাকা। যতীন জানান, ছেলের চিকিৎসার টাকা জোগাড় করতে বাজারে গিয়ে তিন মণ ধান বিক্রি করেছিলেন তিনি। লোভে পড়ে এখন সে টাকাও হেরে বসেছেন।
গোবিন্দপুর গ্রামের কাটা খেলার আসরের উদ্যোক্তা আবদুল আলিম বলেন, প্রতিবছরই ধান কাটার মৌসুমে গ্রামে বিনোদনের জন্য এসব খেলার আয়োজন করা হয়। এসব আসরে খুব বেশি টাকার খেলা হয় না। ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত একজন একটি চাল দিতে পারে। কেউ সব টাকা হেরে গেলে তাঁকে সমঞ্চান দেখিয়ে সামান্য কিছু টাকা ফেরত দেওয়া হয়। তবে কম বয়সীদের এসব আসরে খেলতে দেওয়া হয় না বলে দাবি করেন তিনি।
জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে ‘আজাদ মেলা’। মেলাটি গরু-মহিষসহ বিভিন্ন পশু কেনাবেচার জন্য পরিচিত। তবে এখন সেখানে তেমন আর পশু কেনাবেচা হয় না। প্রথম এক-দুদিনের মধ্যেই পশু কেনাবেচা শেষ হয়ে গেলেও মেলায় যাত্রা, সার্কাস, পুতুলনাচ ও ভ্যারাইটি শো চলে মাসব্যাপী। রানীশংকৈলের নেকমরদে প্রতিবছর বসে ঐতিহাসিক ওসর মেলা। ওই মেলাতেও পশু কেনাবেচার পাশাপাশি চলে যাত্রা ও সার্কাস। এখন সেখানে মেলা আয়োজনের প্রস্তুতি চলছে।
পুলিশ সুপার ফয়সল মাহমুদ বলেন, যাত্রা ও সার্কাসের অনুমতি থাকলেও মেলার নামে অশ্লীলতা চলে না। গ্রামাঞ্চলে চলা জুয়ার আসর সম্পর্কে খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।