কৃষকের নাম উল্লেখ করে ঋণ পরিশোধের জন্য মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণ পরিশোধের জন্য কৃষকদের নাম প্রকাশ ও ঋণের পরিমাণ উল্লেখ করে জনসমক্ষে মাইকিং ও নামের তালিকা চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে টাঙিয়ে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। সম্প্রতি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর শাখার কৃষি ব্যাংকের ব্যবস্থাপকের পক্ষে এ প্রচার চালানো হয়। ঋণগ্রহীতা কৃষকেরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
একাধিক কৃষক অভিযোগ করে জানান, ফসলের ফলন ভালো না হওয়ায় তাঁরা সময়মতো ব্যাংকঋণ পরিশোধ করতে পারেননি। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তাঁদের নাম উল্লেখ করে মাইকে এলাকায় প্রচার করছে। দরিদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষক বলেই তাঁদের এভাবে জনসমক্ষে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। তাঁরা কত টাকা ঋণ নিয়েছেন, তা ব্যাংক কর্তৃপক্ষের জানার কথা। কিন্তু তাঁদের নাম ও বকেয়া ঋণের পরিমাণ উল্লেখ করে তালিকা চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে টাঙিয়ে দিয়ে অপমান করা হচ্ছে। ঋণ পরিশোধের জন্য তাঁদের কাছে তাগাদাপত্র পাঠানো হয়নি।
বেতাগৈর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মজিবুর রহমান জানান, তিনি ব্যাংকে গিয়ে কৃষকদের এভাবে হেয় না করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন। কিন্তু কেউ তাঁর কথা আমলে নেননি।
এ বিষয়ে জানতে চাইলে কৃষি ব্যাংক মধুপুর শাখার ব্যবস্থাপক মো. আহাম্মদ আলী গতকাল মঙ্গলবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে জানান, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাইকিং করিয়েছেন। তাঁর শাখা থেকে প্রায় ২০০ জন কৃষিঋণ নিয়েছেন। সময়মতো পরিশোধ করতে না পারায় তাঁরা ঋণখেলাপি হয়েছেন। তাঁদের নামই মাইকে প্রচার করে ঋণ পরিশোধ করার তাগাদা দেওয়া হয়েছে।