কৃষকের নামে ভুয়া ঋণ, ব্যবস্থাপক অবরুদ্ধ
বরগুনার আমতলীতে কৃষকের নামে ভুয়া কৃষিঋণ উত্তোলনের অভিযোগে গতকাল সোমবার জনতা ব্যাংকের ব্যবস্থাপককে সকাল থেকে দুপুর পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন একদল কৃষক। উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ওই কৃষকেরা অভিযোগ করেন, ‘কৃষিত্রাণ’ দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে ছবি, জাতীয় পরিচয়পত্র নিয়ে দালালদের সহযোগিতায় জনতা ব্যাংকের আমতলী শাখার ব্যবস্থাপক আনওয়ার হোসেন ও কৃষিঋণ তত্ত্বাবধায়ক (সুপারভাইজার) সাবেদ হোসেন কৃষিঋণের ভুয়া আবেদন করেন এবং প্রায় ১০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। তবে ব্যবস্থাপক আনওয়ার হোসেন বলেন, ‘কৃষিঋণ-সংশ্লিষ্ট সব দায়দায়িত্ব কৃষিঋণ তত্ত্বাবধায়ক সাবেদ হোসেনের। এ ব্যাপারে আমার কোনো দায়দায়িত্ব নেই।’ গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় আমতলী শহরের নতুন বাজারে জনতা ব্যাংকে গিয়ে দেখা যায়, গুলিশাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে ৩৫-৪০ জন কৃষক ব্যবস্থাপকের কক্ষে তাঁকে ঘিরে আছেন। কৃষকেরা তাঁদের নামে কীভাবে ঋণ পাস ও টাকা উত্তোলন করা হলো, তা জানতে চাইলে ব্যবস্থাপক আনওয়ার হোসেন প্রথমে কৃষিঋণ উত্তোলনের বিষয়টি অস্বীকার করেন, পরে কৃষকদের চাপে কৃষিঋণবিষয়ক লেজার বই খুলে দেখাতে বাধ্য হন। লেজার বইতে উপস্থিত কৃষক শেফাজ গাজী, জলিল হাওলাদার, খবির হোসেন, মতিয়ার রহমান, কামাল হোসেন, মোমেন, মেনাজ, সিদ্দিকসহ ৪৫ কৃষকের নামে বিভিন্ন অঙ্কের মোট ১০ লাখ ৩০ হাজার টাকা উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। কৃষক মেনাজ ও অসীম অভিযোগ করেন, তাঁদের অজ্ঞতার সুযোগ নিয়ে স্থানীয় দালাল হিরন ও সিরাজের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপক আনওয়ার হোসেন ও কৃষিঋণ তত্ত্বাবধায়ক সাবেদ হোসেন ‘কৃষিত্রাণ’ দেওয়া হবে বলে তাঁদের কাছ থেকে ছবি, জাতীয় পরিচয়পত্র ও স্বাক্ষর নেন এবং তাঁদের দুজনকে ‘কৃষিত্রাণ’ হিসেবে ৫০০ করে টাকা দেন। অথচ লেজার বইতে তাঁদের নামের বিপরীতে ২০ হাজার টাকা করে ঋণ উত্তোলন দেখানো হয়েছে। তাঁরা বলেন, ‘ঋণ না নিয়াও আমাগোই হেইয়া শোধ করন লাগব! এই অনিয়মের বিচার হরবে কেডা?’ গুলিশাখালী ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, কৃষিত্রাণের বিষয়টিতে সন্দেহ হওয়ায় ত্রাণপ্রাপ্ত দুজন কৃষকসহ বেশ কয়েকজন কৃষককে নিয়ে তিনি ব্যাংকে আসেন। ব্যাংকে এসে দেখেন কৃষকদের অজান্তে তাঁদের নামে ১০ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। ইউপি চেয়ারম্যান বলেন, এ জালিয়াতি ব্যাংকের ব্যবস্থাপক ও কৃষিঋণ তত্ত্বাবধায়কের। একইভাবে তাঁরা ‘স্বনির্ভর ঋণ’ নামের আরেকটা ঋণ প্রকল্পেও ‘পুকুরচুরির’ প্রস্তুতি সম্পন্ন করেছেন। ভুয়া ঋণ উত্তোলনের বিষয়য়টি স্বীকার করে কৃষিঋণ তত্ত্বাবধায়ক সাবেদ হোসেন দাবি করেন, তাঁর দায়িত্বহীনতার সুযোগে আমতলীর গুলিশাখালীর হিরন, সিরাজ এবং বরগুনা সদর উপজেলার আয়লা-পতাকাটা এলাকার রেজাউল ও নজরুল নামের ব্যাংকের কয়েকজন দালাল কৃষিঋণ তুলে আত্মসাৎ করেছেন। তিনি টাকা নেননি। ব্যাংকের ব্যবস্থাপক আনওয়ার হোসেন বলেন, কৃষিঋণ প্রদান ও উত্তোলনে সামান্য ভুল হয়ে গেছে। ‘স্বনির্ভর ঋণ’ প্রকল্পেও একই সমস্যা রয়েছে বলে তিনি স্বীকার করেন।