কৃষকের পথে বসার দশা ফড়িয়াদের পকেট ভারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে আলুর দাম পড়ে যাওয়ায় এবং হিমাগারে আলু সংরক্ষণের সুযোগ না থাকায় জয়পুরহাটের আলুচাষিরা বিপাকে পড়েছেন। প্রতি বিঘায় সাত থেকে আট হাজার টাকা করে লোকসান গুনতে হচ্ছে চাষিদের। গত মৌসুমে সর্বাধিক আলু উৎপাদন করে চাষিরা সারা দেশের মধ্যে জয়পুরহাটকে ‘সেরা জেলা’র সম্মান ও পুরস্কার এনে দিয়েছিলেন। অথচ এবার সেই চাষিরাই আলু আবাদ করে পথে বসার জোগাড়। অথচ মধ্যস্বত্বভোগী ফড়িয়ারা কৃষকের লাভ চুষে নিয়ে ঠিকই লাভবান হচ্ছেন।কৃষি বিভাগের দেওয়া তথ্যমতে, গত মৌসুমে জেলায় সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও মৌসুম শেষে তা সাড়ে সাত লাখ মেট্রিক টন ছাড়িয়ে যায়। চলতি মৌসুমে জেলায় সাড়ে ৩৭ হাজার হেক্টর জমিতে ছয় লাখ ৫৬ হাজার মেট্রিক টন আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। এবার ভালো আবহাওয়া, রোগবালাই কম ও ফলন ভালো হওয়ায় জেলায় আলুর উৎপাদন নয় লাখ মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।কালাইয়ের কৃষকদের দেওয়া তথ্যমতে, গ্যানোলা, হল্যান্ড ও কার্ডিনাল জাতের আলু চাষে বিঘাপ্রতি খরচ হয়েছে গড়ে ১৪-১৫ হাজার টাকা। আর লালগুটি জাতের পাকড়ি আলুতে খরচ হয়েছে বিঘাপ্রতি ১৬-১৭ হাজার টাকা। কৃষকেরা গ্যানোলা ও হল্যান্ড জাতের আলুতে ফলন পাচ্ছেন বিঘায় গড়ে ৬০-৭০ মণ, লালগুটি পাকড়ি আলু বিঘাপ্রতি গড়ে ৪০-৪৫ মণ। মৌসুমের শুরু থেকেই এবার গ্যানোলা ও হল্যান্ড জাতের আলুর দাম কৃষক পর্যায়ে মণপ্রতি ৮০-৯০ টাকা, আর দেশি লালগুটি পাকড়ি আলু মণপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা। সেই হিসাবে আবাদ করা এক বিঘা জমির গ্যানোলা জাতের আলু বিক্রি করে গড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা ঘরে তোলা যাচ্ছে। ফলে খরচ বাদে বিঘাপ্রতি কৃষকের লোকসান যাচ্ছে গড়ে আট হাজার টাকা। কৃষকের হায় হায় দশা হলেও মাঝখান থেকে ফড়িয়া ও দালালেরা আঙুল ফুলে কলাগাছ হচ্ছেন। পাইকারি বাজারে আলু বিক্রি করে কৃষকেরা কেজিপ্রতি মাত্র দুই থেকে আড়াই টাকা পেলেও স্থানীয় খুচরা বাজারে এখনো আলু কেজিপ্রতি ছয় টাকার কমে মিলছে না। মাঝখানে যে তিন থেকে সাড়ে তিন টাকা, তার পুরোটাই যাচ্ছে ফড়িয়াদের পকেটে। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ১৬টি হিমাগারের ১০টিই কালাই উপজেলায়। ১৬টির মধ্যে এবার চালু আছে ১৪টি; যার ধারণক্ষমতা এক লাখ চার হাজার মেট্রিক টন। চলতি মৌসুমে এসব হিমাগারে আলু রাখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত আলুচাষিরা। কারণ, মৌসুম শুরু হওয়ার আগেই হিমাগারের মালিকদের সঙ্গে যোগসাজশ করে আগাম বুকিং কার্ড হাতিয়ে নিয়েছেন মৌসুমি আলু ব্যবসায়ী ও একশ্রেণীর দালাল। দু-একজন কৃষক দালালদের কাছ থেকে অতিরিক্ত অর্থের বিনিময়ে আগাম বুকিং কার্ড সংগ্রহ করতে পারলেও ভাড়া গুনতে হচ্ছে গতবারের চেয়ে অনেক বেশি। কালাই উপজেলার বালাইট গ্রামের আলুচাষি নজরুল ইসলাম বলেন, ‘তিন বিঘা জমিতে আলু চাষে খরচ হয়েছে ৪৮ হাজার টাকা। ৮০ টাকা মণ দরে আলু বিক্রি করে তিন বিঘায় পেয়েছি মাত্র ১৫ হাজার টাকা। ৩১ হাজার টাকা লোকসান গুনতে হয়েছে। বুকিং কার্ডের জন্য হিমাগারগুলোতে ধরনা দিয়েও পাইনি।’তবে পুনট কোল্ডস্টোরেজের ব্যবস্থাপক বিপ্লব কুমার পাল দাবি করেন, হিমাগার মালিক সমিতি কেন্দ্রীয়ভাবে যে ভাড়া নির্ধারণ করে দিয়েছে, সে অনুযায়ী প্রতি বস্তার ভাড়া ৩০০ টাকা নেওয়া হচ্ছে।’কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির উপদেষ্টা মিনফুজুর রহমান বলেন, ‘বুকিং কার্ড ও ভাড়া নিয়ে হিমাগার ব্যবসায়ীরা এক ধরনের স্বেচ্ছাচারিতায় মেতেছেন। হিমাগার ব্যবস্থাপকদের নিয়ে বৈঠক করে ব্যবসায়ীদের বুকিং বাতিল করে তা কৃষকদের দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’