কৃষকের পাশে নেই কৃষি কর্মকর্তারা
এখন চলছে বোরো ধান ও পাটের মৌসুম। এই মৌসুমে শরীয়তপুরের অধিকাংশ ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তারা তাঁদের দায়িত্ব পালন করতে পারছেন না। এসব কর্মকর্তাকে দিয়ে খোলাবাজারে ন্যায্য মূল্যের চাল বিক্রির তদারকির কাজ করানো হচ্ছে। ধান ও পাটের মৌসুমের মতো গুরুত্বপূর্ণ এ সময় কৃষি কর্মকর্তারা মাঠে না থাকায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলার ছয়টি উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তার ১৬২টি পদ রয়েছে। এর মধ্যে ১০১ জন কর্মরত আছেন। তাঁদের মধ্যে ৭১ জনকে খোলাবাজারে ন্যায্য মূল্যের চাল বিক্রির তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ডিলার পয়েন্টে অবস্থান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে চিঠি দিয়ে তাঁদের এ কাজে নিয়োজিত করা হয়েছে। জানুয়ারি মাস থেকে উপসহকারী কৃষি কর্মকর্তারা এ অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।চলতি মৌসুমে শরীয়তপুরে ৩৩ হাজার হেক্টর জমিতে বোরো ধানের এবং ২৬ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে।শরীয়তপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুরের ৬৫টি ইউনিয়নের নিম্ন আয়ের মানুষের জন্য খোলাবাজারে চাল বিক্রির ৯১টি পয়েন্ট রয়েছে। হতদরিদ্রদের মধ্যে ন্যায্য মূল্যের চাল বিক্রির জন্য ১৩০টি পয়েন্ট রয়েছে। পৌরসভা এলাকার স্বল্প আয়ের মানুষের কাছে চাল বিক্রির জন্য ১১টি পয়েন্ট রয়েছে। জানুয়ারি মাস থেকে জেলা ও উপজেলা সদরে এর কার্যক্রম শুরু হয়েছে। মার্চ মাস থেকে ইউনিয়ন পর্যায়ে এ সেবা দেওয়া হচ্ছে। সুষ্ঠুভাবে চাল বণ্টনের জন্য প্রতিটি পয়েন্টে একজন করে তদারক কর্মকর্তা নিয়োজিত করা হয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দিয়ে এ কাজ করানো হচ্ছে।ভেদরগঞ্জ উপজেলার চর পায়াতলী গ্রামের কৃষক নজরুল ইসলাম মোল্যা (৬০), বাদশা মিয়া (৫৫) ও হাকিম সরদার (৬০) জানান, তাঁরা মার্চের শুরুতে জমিতে পাটের আবাদ করেছেন। পাটগাছ দেড় ফুট উঁচু হওয়ার পর মাজরা পোকায় আক্রমণ করেছে। পরামর্শ নেওয়ার জন্য কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের জমিতে আনতে পারেননি। তাঁদের জমির সব পাট নষ্ট হয়ে গেছে। কৃষি কর্মকর্তা এলাকায় না আসায় তাঁদের মতো অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।নড়িয়া উপজেলার ভুমখাড়া গ্রামের কৃষক আবু তালেব (৫০), মোহন সরদার (৪৫) ও বেলায়েত হোসেন (৩৫) বলেন, ‘এখন বোরো ধানের ভরা মৌসুম। জমিতে সার দেওয়ার সময় তাঁদের পরামর্শ পাই না। এখন ধানগাছে পোকা আক্রমণ করেছে। পরামর্শ নেওয়ার জন্য কৃষি কর্মকর্তাদের পাচ্ছি না।’ভুলখাড়া ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল ছামি বলেন, ‘আমাদের দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে কৃষকদের সময় দিতে পারছি না। এতে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’নড়িয়ার ইউএনও আবদুল্লাহ আল মামুন বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারের সব কাজ করতে বাধ্য। উপসহকারী কৃষি কর্মকর্তারা ইউনিয়ন পর্যায়ে থাকার কারণে তাঁদের ওএমএসের তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। ইচ্ছা করলে তাঁরা একসঙ্গে দুটি কাজই করতে পারেন।শরীয়তপুর কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ টি এম শহিদুল ইসলাম বলেন, সরকারের অগ্রাধিকার প্রকল্পের কাজ হিসেবে কৃষি কর্মকর্তারা ওএমএসের তদারকি করছেন। পাশাপাশি তাঁদের নিজেদের দায়িত্বও পালন করছেন। একসঙ্গে দুটি দায়িত্ব পালনের ফলে কিছু সমস্যা হচ্ছে। এখন পাট ও ধানের মৌসুম। এ সময় কৃষি কর্মকর্তাদের কৃষকের পাশে থাকা খুব জরুরি।