প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিব্যবস্থা প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে। কাজেই সম্ভাব্য চ্যালেঞ্জ চিহ্নিত করে সমস্যা সমাধানে গবেষণা জোরদার করতে হবে।গাজীপুরের জয়দেবপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিএআরআই) গতকাল বৃহস্পতিবার কৃষি প্রযুক্তি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে কৃষি মন্ত্রণালয়।কৃষিবিজ্ঞানীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘গবেষণার ফলাফল কৃষক কতটুকু নিল, তার ওপরই নির্ভর করছে আপনাদের সৃষ্টির সাফল্য। তাই কৃষকের প্রতি লক্ষ রেখে গবেষণা করুন। এতে কৃষি খাত আরও বেশি উপকৃত হবে।’বিজ্ঞানীদের চাকরির বয়স বাড়ানোর ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিজ্ঞানীদের পুরো মেধা আমরা কাজে লাগাতে চাই। এ জন্য তাঁদের চাকরি থেকে অবসরের বয়সসীমা বাড়ানোর বিষয়টি পর্যালোচনা করা হবে। বিজ্ঞানীদের উচ্চতর ডিগ্রি (পিএইচডি) লাভের সুযোগ নিশ্চিত করতে বিশেষ তহবিল করা হবে।’প্রধানমন্ত্রী বলেন, কৃষি নিয়ে গবেষণার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। গবেষক ও বিজ্ঞানী নিয়োগ দেওয়া হয়েছে। ফসলের নতুন নতুন জাত ও আবাদের কৌশল উদ্ভাবিত হয়েছে। অনেক গবেষণার ফলাফল সাফল্যের সঙ্গে বাস্তবায়িত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভপতি শওকত মোমেন শাহজাহান, গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২-এর সাংসদ জাহিদ আহসান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বিআরআরআই) মহাপরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম, (বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) মহাপরিচালক মো. রফিকুল ইসলাম মণ্ডল।‘বাংলাদেশে কৃষি গবেষণার বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদের (বিএআরসি) চেয়ারম্যান ওয়াইস কবীর।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশে কৃষিভিত্তিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা হবে। এই শিল্প গড়ে উঠলে কৃষক ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ করছে কৃষি খাত। সর্বাধিক কর্মসংস্থানের সুযোগও করে দিয়েছে এ খাত।