কৃষকের বসতঘর ভেঙে নিয়ে গেছে প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার সেকান্দারখালী গ্রামের বজলু হাওলাদার নামের একজন কৃষকের বসতঘর গতকাল শুক্রবার ভেঙে ট্রাকে করে নিয়ে গেছেন প্রতিপক্ষের লোকজন। এ সময় হামলায় ওই কৃষকের স্ত্রী হাসিনা বেগম (৪০) আহত হন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৪৫ বিঘা জমি নিয়ে বজলু হাওলাদারের সঙ্গে একই গ্রামের চান মিয়া ও নুরু গাজীর বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে গতকাল সকাল ১০টায় চান মিয়া ও নুরু গাজীর নেতৃত্বে শতাধিক ব্যক্তি বজলু হাওলাদারের বাড়িতে হামলা চালান। তাঁরা এ সময় তাঁর টিনের ঘরটি ভেঙে ফেলেন ও মালামালসহ ঘরের খুঁটি, বেড়া ও চাল ট্রাকে ভরে নিয়ে যান।

গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, বজলুর বসতভিটায় কিছু থালাবাসন ও কাপড়চোপড় পড়ে আছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সকালের রান্না করা ভাত আর বিভিন্ন জিনিস। শূন্য ভিটায় বসে আহাজারি করছেন হাসিনা বেগম।

তিনি বলেন, ‘মোগো সবকিছু শ্যাষ কইরা দেছে। ঘরে যা ছিল সবকিছু লইয়া গেছে। এহন মোরা কই যামু, কই থাকমু।’

মুঠোফোন বন্ধ থাকায় চান মিয়া ও নুরু গাজীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁদের পরিবারের কেউ এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মামলার পর অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’