কৃষকের বাড়তি সেচ খরচ ১৭৩ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমনের ভরা মৌসুম। এখনো বৃষ্টির দেখা নেই। পুকুর-খাল-বিলেও তেমন পানি নেই। মাঠে মাঠে গভীর-অগভীর নলকূপ চালু করে ফসল বাঁচানোর প্রাণান্তর চেষ্টা করছেন বগুড়ার কৃষক। এতে অতিরিক্ত ব্যয় হবে প্রায় ১৭৩ কোটি টাকা।
কৃষি বিভাগ বলছে, এক বিঘা আমন খেতে একবার সেচ দিতে ডিজেল খরচ হয় গড়ে ৩০০ টাকার। খরার কবলে পড়া আমন খেতে এবার গড়ে কমপক্ষে চার দফা সেচ দিতে হচ্ছে। সেই হিসাবে এক লাখ ৯২ হাজার হেক্টর (১৪ লাখ ৪৪ বিঘা) আমন ফসল রক্ষায় এবার সেচ খরচ বাবদ কৃষকের অতিরিক্ত ব্যয় হচ্ছে প্রায় ১৭৩ কোটি টাকা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ এন এম বজলুর রশীদ বলেন, খরা মোকাবিলায় মাঠে মাঠে ৬৭৫টি গভীর নলকূপ এবং ১৭ হাজার ৬৫৩ অগভীর নলকূপ চালু করা হয়েছে। খরচ কিছুটা বাড়লেও উৎপাদন লক্ষ্যমাত্রায় তেমন কোনো প্রভাব পড়বে না। বগুড়া আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আফরোজা খাতুন জানিয়েছেন, গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬৯৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়। অথচ এবার এই তিন মাসে গত বছরের তুলনায় অর্ধেকেরও কম বৃষ্টিপাত হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বগুড়ার ১২ উপজেলার কমবেশি সব খানেই এবার আমন ফসল খরার কবলে পড়েছে। এর মধ্যে গাবতলী, সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলায় মৌসুমের শুরু থেকেই কৃষকেরা গভীর-অগভীর সেচযন্ত্র চালু করে আমনের চারা লাগিয়েছেন। এই তিন উপজেলায় এবার আমন আবাদ পুরোপুরি সেচনির্ভর হয়ে পড়েছে। অন্য উপজেলাতে বৃষ্টির পানিতে আমনের চারা লাগানো গেলেও পাম্প চালু করে সেচ দিয়ে খেত বাঁচাতে হচ্ছে। বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে উপজেলায় সেচ কার্যক্রম দারুণভাবে ব্যাহত হচ্ছে।
সরেজমিনে গাবতলী, সোনাতলা, সারিয়াকান্দি ও শাজাহানপুর উপজেলার বেশ কিছু মাঠ ঘুরে গভীর-অগভীর নলকূপ চালু করে কৃষকদের আমন খেতে সেচ দিতে দেখা গেছে।
সোনাতলার বালুয়া ইউনিয়নের বাঁশেরতলা মাঠে পাম্প চালু করে খেতে সেচ দিচ্ছিলেন ছোট বালুয়া গ্রামের কৃষক জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আমন আবাদ করব্যার য্যায়া মাঠে মরিচি। খেতত পানি নাই। শ্যালো চালু করে আবাদ বাঁচাচ্চি। একেক জমিত আট থেকে দশবার সেচ দিচ্চি।’
নলকূপমালিক আবদুল মোবিন বলেন, ‘এক বিঘা জমিত সেচ দিতে ৩০০ টেকার ডিজেল লাগিচ্চে। এতে বিঘায় এ পর্যন্ত দুই হাজার ৪০০ টেকা ডিজেল খরচ লাগিচ্চে।’
সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা রওশন জামাল বলেন, শুরু থেকেই এবার আবহাওয়া বৈরী। ভরা বর্ষাতেও পর্যাপ্ত বৃষ্টিপাত নেই। ধানগাছ থেকে শিষ বের হতে শুরু করেছে। এ সময় জমিতে পর্যাপ্ত পানি না থাকলে ঠিকমতো শিষ বের হতে পারবে না। শিষ বের হলেও পানি না থাকলে ধানের দানা হবে না। এতে উৎপাদন কম হবে।