কৃষকের বাড়ি আলুশূন্য, দাম বাড়ছে লাফিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অধিকাংশ কৃষকের বাড়ি আলুশূন্য। কিন্তু বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আলুর দাম। গত ১৫ দিনের ব্যবধানে সব জাতের আলুর দাম বেড়েছে মণপ্রতি ১০০ টাকার ওপরে। তবে দাম বাড়লেও এর সুফল পাচ্ছেন না কৃষকেরা।
আলু ব্যবসায়ী তোফাজ্জল হোসেন (৫০) বলেন, এবার হঠাৎ করেই আলুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সামনে দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, আলুর দাম আরও আগে বাড়লে কৃষকেরা লাভবান হতেন। কিন্তু সিংহভাগ কৃষক আগেই আলু বিক্রি করে ফেলেছেন। এখন দাম বাড়ায় লাভবান হবেন মধ্যস্বত্বভোগী মৌসুমি ব্যবসায়ী, হিমাগার ব্যবসায়ী ও মজুতদারেরা।
উপজেলার সাত-আটজন কৃষক অভিযোগ করেন, কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে আলুর আবাদ করেন। কিন্তু যখন কষ্টে ফলানো সেই আলু বিক্রি করতে যান, তখন দাম পান না। তখন উৎপাদন মৌসুমে কারসাজির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করে কৃষকের কাছ থেকে কম দামে বিপুল পরিমাণ আলু কিনে নেন মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা। কৃষকের আলু ফুরানোর পর সেই ব্যবসায়ীরাই এখন কারসাজির মাধ্যমে দাম বাড়িয়ে মোটা অঙ্কের মুনাফা লুটছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, গত উৎপাদন মৌসুমে শুরু থেকেই আলুর বাজারদরে বেশ মন্দাভাব বিরাজ করছিল। সে সময় কৃষকেরা পাকড়ি জাতের আলু সর্বোচ্চ ৩৫০ টাকা এবং গ্রানুলা জাতের আলু ২০০ টাকা মণ দরে বিক্রি করতে পেরেছেন। মৌসুমের শেষের দিকে যেসব কৃষক আলু বিক্রি করেছেন, তাঁরা দাম পেয়েছেন মণপ্রতি গড়ে পাকড়ি ৪৫০ টাকা ও গ্রানুলা ২৫০ টাকা। বোরোর উৎপাদন খরচ জোগানো এবং সংসারের অভাব মেটাতে কৃষকেরা বীজ আলু হিমাগারে রেখে অবশিষ্ট সব আলুই বিক্রি করে দেন। আর সুযোগ বুঝে আলু কম দামে কিনে সংরক্ষণ করেন মৌসুমি আলু ব্যবসায়ী ও হিমাগারের মালিকেরা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এবার এ উপজেলার ১২টি হিমাগারে ১ লাখ ১৯ হাজার ৭৪০ মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছে।চার-পাঁচজন কৃষক ও আলু ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে আলুর দাম বাড়তে শুরু করে। এপ্রিলের প্রথম সপ্তাহে স্থানীয় বাজারে প্রতি মণ পাকড়ি আলু গড়ে ৪৯০ টাকা এবং গ্রানুলা ২৫০ টাকা দরে কেনাবেচা হলেও সেই আলুর দাম এখন পাকড়ি ৬০০ টাকা এবং গ্রানুলা ৩৩০ টাকা।
উপজেলার সংসারদীঘি গ্রামের কৃষক রাফিউর রহমান (৪৫) বলেন, ‘তিন বিঘা জমিত পাকড়ি জাতের আলুর আবাদ করেছিলাম। সংসার খরচ মেটাতে সস্তায় এসব আলু বিক্রি করতে হয়েছে। প্রতি মণ আলুর দাম পেয়েছি গড়ে ৪২০ টাকা। অথচ ঘরের আলু বিক্রি শেষ হয়ে যাওয়ার পর এখন দাম উঠেছে প্রায় ৬০০ টাকায়।’