কৃষকের বাড়িতে আগুন গবাদিপশুর মৃত্যু
রাজশাহীর দুর্গাপুর উপজেলার মহীপাড়া গ্রামের কৃষক আবেদ আলীর বাড়িতে গত সোমবার রাতে আগুনে পুড়ে দুটি গরু, চারটি ছাগল ও ৪০ থেকে ৫০টি হাঁস-মুরগি মারা গেছে। এ ছাড়া বাড়িতে মজুদ বেশ কিছু পরিমাণ পেঁয়াজ, গম, মসুর, চাল ও ধান আগুনে পুড়ে গেছে; দুটি গরু অগ্নিদগ্ধ হয়েছে। ওই কৃষকের অভিযোগ, বাড়ির মূল ফটকে বাইরে থেকে তালা দিয়ে কেউ শত্রুতা করে তাঁর বাড়িতে আগুন দিয়েছে। আবেদ আলীর স্ত্রী কমেলা বেগম (৬০) জানান, তাঁরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ রাত ১০টার দিকে আগুন লাগার বিষয়টি টের পান। কিন্তু বাড়ির প্রধান ফটকে বাইরে থেকে তালা লাগানো থাকায় তাঁরা বের হতে পারছিলেন না। তাঁর স্বামী মুঠোফোনে প্রতিবেশী আবদুল আজিজকে বিষয়টি জানান। ততক্ষণে আগুন এক কক্ষ থেকে আরেক কক্ষে ছড়িয়ে পড়ে।আবদুল আজিজ প্রথম আলোকে জানান, ফটকে তালা লাগানো থাকায় তিনি অন্য প্রতিবেশীদের নিয়ে জানালা ভেঙে একটি ঘরের ভেতর ঢোকেন। পরে তাঁরা পেছনের একটি দরজা ভেঙে বাড়ির সবাইকে বের করেন।আবেদ আলী জানান, পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে তাঁর ছয় কক্ষবিশিষ্ট ঘরের টিনের চাল পুড়ে কুঁকড়ে গেছে। দুর্গাপুর থানার ওসি ওয়াহিদুল ইসলাম জানান, বাইরে তালা দিয়ে কেউ আগুন দিয়েছে কি না, তা তদন্ত করে দেখার ব্যাপার। এখনো তাঁরা অভিযোগ হাতে পাননি। অভিযোগ পেলে তদন্ত করবেন।