কৃষকের বাড়িতে ডাকাতি, মালামাল লুট, বাধা দেওয়ায় আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামে আবু বকর সিদ্দিক নামে এক কৃষকের বাড়িতে ডাকাতি হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ওই পরিবারের নারীসহ চারজন আহত হয়েছে। ডাকাতেরা টাকাসহ ১৫ ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে।আহত ব্যক্তিরা হলেন: গৃহকর্তা আবু বকর সিদ্দিক (৫০), তাঁর ভাই হুমায়ুন কবির (৪০), ছেলে আজহারুল ইসলাম (২৪) ও স্ত্রী আফরোজা আক্তার (৪৫)। ডাকাতেরা টাকাসহ ১২ লাখ টাকার মালামাল লুট করেছে।আহত হুমায়ুন কবির জানান, ঘটনার রাত পৌনে দুইটার দিকে কমপক্ষে ৩০ জনের একদল সশস্ত্র ডাকাত তাদের বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। পরে আজহারুল ইসলামের ঘরের দরজা ভেঙে তাঁকে জিম্মি করে বাড়ির সব ঘরে যায়। ডাকাতেরা বাড়ির বিভিন্ন ঘর থেকে তিন লাখ ৮০ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার লুট ও আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় বাধা দেওয়ায় ডাকাতেরা গৃহকর্তা আবু বকর সিদ্দিক, তাঁর ভাই, ছেলে ও স্ত্রীকে কুপিয়ে আহত করে। আহত ব্যক্তিদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।