কৃষকের বাড়ির বিদ্যুৎ বিল ১০ লাখ টাকা!
টাঙ্গাইলের সখীপুর উপজেলার উত্তর ইছামারি গ্রামে এক কৃষকের নামে ১০ লাখ ১০ হাজার ৬৯০ টাকার আবাসিক বিদ্যুৎ বিল এসেছে। এই ভুতুড়ে বিল পেয়ে দিশেহারা ওই কৃষক বিদ্যুৎ কার্যালয়ে গিয়েও প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
ওই কৃষকের নাম আন্তাজ আলী। ২৩ ফেব্রুয়ারি ছিল ওই বিল পরিশোধের শেষ দিন। ১৯ ফেব্রুয়ারি তিনি বিলটি হাতে পান। তিনি বাড়িতে পাঁচটি বৈদ্যুতিক বাতি, তিনটি পাখা, একটি টেলিভিশন ও পানি তোলার জন্য একটি দুই হর্স পাওয়ারের (দেড় ইঞ্চি) মোটর ব্যবহার করেন।
সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহাদাত আলী বলেন, বিলটি নিয়ে আপত্তি রয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সখীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মিটার রিডার আসাদুজ্জামান বলেন, কম্পিউটারের ভুলের কারণে এ ঘটনা ঘটেছে। কম্পিউটার বিভাগে কয়েকবার সংশোধনের জন্য প্রতিবেদন পাঠিয়েও কাজ হচ্ছে না।
আন্তাজ আলী ও স্থানীয় বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, ২০০২ সালের দিকে সখীপুর পিডিবির একটি আবাসিক সংযোগ নেন আন্তাজ আলী। নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে এলেও ২০১৩ সালের জানুয়ারিতে তাঁর ৪৪ হাজার টাকার বিল আসে। সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগে যোগাযোগ করলে বিলটি সংশোধন করা হবে বলে তাঁকে আশ্বাস দেওয়া হয়। এ নিয়ে আবার অভিযোগ করলে তাঁর মিটারটি নষ্ট দাবি করে পরীক্ষার জন্য খুলে আনা হয়। এরপর থেকে বিদ্যুৎ-সংযোগ বন্ধ থাকলেও কিছুদিন পর তাঁর নামে ৭ লাখ ৫০ হাজার টাকার আরেকটি বিল পাঠানো হয়। যোগাযোগ করলে বিষয়টি খতিয়ে দেখতে সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন তৈরি করে।
ওই প্রতিবেদন সূত্রে জানা যায়, আন্তাজ আলীর মিটারটি অ্যানালগ হওয়ায় দীর্ঘদিন ধরে তাঁর নামে প্রতি মাসে ২০০ ইউনিট বিদ্যুতের গড় বিল করা হচ্ছিল। ২০১৩ সালের দিকে মিটারের পাঠ ১৫ হাজার ২১৫-তে পৌঁছে। মিটারের সঙ্গে বিলের সমন্বয় করতে শুধু ২০১৩ সালের জানুয়ারিতে ৫ হাজার ৫৪০ ইউনিটের বিল ৪৪ হাজার টাকা করা হয়। এরপর থেকে প্রতি মাসে ২০০ ইউনিটের বিল করার জন্য বলা হলেও কম্পিউটারে সংশোধন না হওয়ায় প্রতি মাসে জানুয়ারির মতোই ৪৪ হাজার টাকা করে বিল আসতে থাকে।
আন্তাজ আলী বলেন, ‘২০১৪ সালের দিকে সাড়ে সাত লাখ টাকা বিল আসার পর বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করে প্রতিকার পাইনি। পরে বছর দেড়েক বিল আসেনি। কয়েক দিন আগে আবার ১০ লাখ ১০ হাজার ৬৯০ টাকার বকেয়া বিল এসেছে। গত বৃহস্পতিবার সখীপুর বিদ্যুৎ কার্যালয়ে গিয়েও সমাধান পাইনি।’
পিডিবির উপসহকারী প্রকৌশলী শামসুল আল আমিন বলেন, বিষয়টি তদন্ত করে বিল সংশোধন করা হবে।