কৃষকের ভর্তুকির টাকায় ভাগ বসিয়েছেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের কৃষকদের বোরো চাষের সহায়তায় ডিজেলে ভর্তুকির টাকায় যুবলীগের স্থানীয় এক নেতা ও ইউপি সদস্য ভাগ বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা ব্যাংকে বসেই প্রত্যেক কৃষকের কাছ থেকে ১০০ টাকা করে আদায় করছেন।নবাবপুর ইউনিয়নের মোহদিয়া গ্রামের আবদুল ওহাব, বোরহান উদ্দিন, মোসলেম উদ্দিনসহ কয়েকজন কৃষক অভিযোগ করেন, তাঁরা ক্ষুদ্র ও প্রান্তিক চাষি হিসেবে জনপ্রতি ৮০০ টাকা করে ডিজেলের ভর্তুকি পেয়েছেন। গত মঙ্গল ও বুধবার তাঁরা টাকা তোলার জন্য উপজেলার মতিগঞ্জ বাজারে জনতা ব্যাংকের শাখায় যান। সেখানে নবাবপুর ইউনিয়ন যুবলীগের সহসাধারণ সম্পাদক রহিম উল্লা ও ইউপি সদস্য সিরাজুল ইসলাম বসা ছিলেন। ব্যাংক থেকে কৃষকেরা ভর্তুকির টাকা নেওয়ার পর রহিম উল্লা ও সিরাজুল বিভিন্ন খরচের কথা বলে তাঁদের প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা করে দাবি করেন ও টাকা দিতে বাধ্য করেন।রহিম উল্লা টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, দেড় মাস আগে উপজেলা মিলনায়তনে কৃষকদের নিয়ে কৃষি সমাবেশ হয়েছিল। সে সভায় কৃষকদের ভাত খাওয়ানো ও যাতায়াত ভাড়া তিনি ও ইউপি সদস্য সিরাজুল দিয়েছিলেন। সে জন্যই এখন জনপ্রতি ১০০ টাকা করে নেওয়া হয়েছে। তবে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, দেড় মাস আগে কৃষি বিভাগের কোনো সভা বা সমাবেশ হয়নি। উপজেলা যুবলীগের আহ্বায়ক নূরুল আবসার জানান, রহিম উল্লা নামে নবাবপুর ইউনিয়নে যুবলীগের কোনো নেতা নেই।