কৃষকের মুখে সোনালি হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের মনিরামপুর উপজেলায় এবার পাটের ফলন ভালো হয়েছে। দামও মিলছে ভালো। বাজারে বিক্রির জন্য মুক্তেশ্বরী নদীতে জাগ দেওয়ার পর ধোয়া হচ্ছে পাট। ছবিটি সম্প্রতি মনিরামপুরের হাজিরহাট এলাকা থেকে তোলা l প্রথম আলো
যশোরের মনিরামপুর উপজেলায় এবার পাটের ফলন ভালো হয়েছে। দামও মিলছে ভালো। বাজারে বিক্রির জন্য মুক্তেশ্বরী নদীতে জাগ দেওয়ার পর ধোয়া হচ্ছে পাট। ছবিটি সম্প্রতি মনিরামপুরের হাজিরহাট এলাকা থেকে তোলা l প্রথম আলো

ফলন ও দাম বেশি হওয়ায় যশোরের মনিরামপুর উপজেলার পাটচাষিদের মুখে এবার হাসি ফুটে উঠেছে। উপজেলায় গত বছরও পাটের ফলন ভালো ছিল। তবে দাম কম থাকায় তাঁদের লোকসান গুনতে হয়।
মনিরামপুরের মহাদেবপুর গ্রামের পাটচাষি তাপস ঘোষাল গত বছর পাঁচ বিঘা জমিতে পাট চাষ করে ফলন পেয়েছিলেন ৭৫ মণ। মণপ্রতি গড়ে ৮০০ টাকা দরে পাট বিক্রি করেছিলেন। এবার তিন বিঘা জমিতে পাটের আবাদ করেন। ফলনও পেয়েছেন গতবারের মতো। কিন্তু এবার মণপ্রতি এক হাজার ২৭০ টাকা দরে পাট বিক্রি করেছেন তিনি।
তাপস ঘোষাল বলেন, ‘গত বছর পাট চাষ করে ঠিকমতো খরচ ওঠেনি। এবার পাটের ফলন ও দামে আমি খুশি। আশা করছি, সব খরচ বাদে এবার আমার কমপক্ষে ৩০ হাজার টাকা লাভ থাকবে।’
হোগলাডাঙ্গা গ্রামের পাটচাষি নাসিরউদ্দীন গাজী বলেন, ‘পাট চাষ করে গতবার লস খাইছি। এবার দেড় বিঘা জমিতি চাষ করিছি। বর্তমান যে দাম তাতে খরচ বাদে ১২ হাজার টাকার মতো থাকবেনে।’
হোগলাডাঙ্গা গ্রামের আরেক পাটচাষি ফারুক হোসেন বলেন, দুই বিঘা পাঁচ কাঠা জমিতে পাট চাষ করে তিনি ৩০ মণ পাট পেয়েছেন। নদীতে জাগ দেওয়া পাট এক হাজার ৩২০ টাকা থেকে এক হাজার ৩৫০ টাকা এবং বদ্ধ পানিতে জাগ দেওয়া পাট এক হাজার ২৫০ টাকা থেকে এক হাজার ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। এবার পাটে লাভ হবে।
দুই বিঘা জমিতে আবাদ করে ৩০ মণ পাট পেয়েছেন গাংড়া গ্রামের পাটচাষি ফজলুর রহমান। দাম আরও বাড়বে, এ আশায় পাট মজুত করেছেন তিনি। তবে তিনি পাটকাঠি বিক্রি করে দিয়েছেন ১১ হাজার টাকায়। ফজলুর রহমান বলেন, পাট ওঠা শুরু হওয়ার পর প্রায় দেড় মাস পেরিয়ে গেছে, কিন্তু দাম কমেনি। বর্তমানে গত বছরের চেয়ে মণপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা বেশি দামে পাট বিক্রি হচ্ছে। দাম আরও বাড়বে বলে আশা করছেন। এ কারণে তিনি সব পাট মজুত করে রেখেছেন।
কুমারসীমা গ্রামের পাটচাষি অরবিন্দু রায় বলেন, পাটের পাশাপাশি পাটকাঠির দামও ভালো। এবার এক বিঘা জমির পাটকাঠি পাঁচ থেকে ছয় হাজার টাকায় বিক্রি হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিরামপুর উপজেলা কার্যালয় জানায়, গত বছর উপজেলায় চার হাজার ৮৮৬ হেক্টর জমিতে পাটের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। আবাদ হয়েছিল চার হাজার ১০০ হেক্টর জমিতে। এ বছর চার হাজার ৬১০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কিন্তু আবাদ হয়েছে তিন হাজার ২৫০ হেক্টর জমিতে। গত বছর পাটের দাম কম হওয়ায় এবার চাষিরা ধান চাষের দিকে ঝুঁকে পড়েন। এ কারণে লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে পাটের আবাদ হয়েছে। সূত্র জানায়, সব মিলিয়ে এবার আবহাওয়া পাট চাষের অনুকূলে ছিল। এ জন্য খুব ভালো ফলন হয়েছে। প্রবহমান পানিতে জাগ দেওয়া পাটের আঁশ খুব ভালো হয়। তাই দামও বেশি থাকে। বদ্ধ জলাশয়ে জাগ দেওয়া পাটের আঁশ কিছুটা কালো হয়। তাই দাম একটু কম।
মনিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, গত বছরের চেয়ে এবার পাটের দাম মণপ্রতি ২০০-৩০০ টাকা বেশি। দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। দাম ভালো থাকায় পাটচাষিরা এবার লাভবান হয়েছেন।