কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক কৃষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বুধবার সকাল ১০টায় উপজেলার সাড়ে পাঁচানি গ্রামে এ ঘটনা ঘটে।
ওই কৃষকের নাম মো. জসিম উদ্দিন (৪৫)। তিনি উপজেলার সাড়ে পাঁচানি গ্রামের মো. নোয়াব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম উদ্দিনের সঙ্গে তাঁর স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। গত বুধবার সকাল ১০টায় এ নিয়ে তাঁদের দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জসিম তাঁর বসতঘরের একটি কক্ষে চলে যান। কিছুক্ষণ পর তাঁর স্ত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। সেখানে এসে ওই ঘরের মেঝেতে জসিমের নিস্তেজ দেহ দেখতে পান তাঁরা। সেখান থেকে উদ্ধার করে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জসিমের স্ত্রী নুরুন্নাহার আক্তার দাবি করেন, সংসারের অভাব-অনটন নিয়ে গত বুধবার সকালে স্বামীর সঙ্গে তাঁর ঝগড়া হয়। ওই সময় তাঁর স্বামী রেগে গিয়ে ঘরের একটি কক্ষে চলে যান এবং সেখানে রাখা কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন।
সাড়ে পাঁচানি গ্রামের তিন-চারজন বাসিন্দা বলেন, বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে জসিমের দাম্পত্য কলহ চলছিল। জসিম শান্ত ও ভদ্র স্বভাবের লোক ছিলেন। তিনি আত্মহত্যা করতে পারেন, এটা অবিশ্বাস্য। ঘটনাটির তদন্ত হওয়া দরকার বলেও মনে করেন তাঁরা।