
লাঠির বাড়ি, দায়ের কোপ পড়েনি। তবে কৃষকের মেরুদণ্ড ভেঙে দিতে যাচ্ছে বিএনপি-জামায়াতের টানা হরতাল-অবরোধ।
এখন ভরা রবি মৌসুম। রাজশাহীর গ্রামে প্রচুর খরচ করে নানা জাতের সবজির আবাদ করেছিলেন কৃষকেরা, দুটো বাড়তি আয়ের আশায়। সে আশা তো গেছেই, ক্ষতির পাল্লা দ্রুত ভারী হয়ে উঠছে। সামাল দেওয়ার কোনো উপায় নেই। মাঠ ও উঠানভরা ফসল। কিন্তু বিক্রি হচ্ছে না। তার ওপর দিনে দিনে বাড়ছে সারের দাম। ইউরিয়া এখন দুষপ্রাপ্য। কৃষক ধরাশায়ী।
গ্রামের প্রকৃত অবস্থা দেখার জন্য গতকাল আমরা গিয়েছিলাম গোদাগাড়ী ও পবা উপজেলার প্রত্যন্ত এলাকায়। গোদাগাড়ী দেশের প্রধান টমেটো উৎপাদনের এলাকা। মোটরসাইকেলে খানিকটা প্রধান সড়কে, খানিকটা গ্রামের ভেতর দিয়ে যেতে যেতে চোখে পড়ছিল এক অসাধারণ দৃশ্য। নেপথ্যের মর্মান্তিক ঘটনাটি না ঘটলে এর নান্দনিকতায় বিমুগ্ধ হওয়া যেত। মাঠের পর মাঠ টমেটোর খেত। মাঝে মাঝে সরিষাখেতের কারণে বিস্তীর্ণ ক্যানভাসে একটু হলুদের ছোপ।
প্রায় প্রতিটি বাড়ির সামনে, খেতের পাশে শীতের কবোষ্ণ রোদে বিছিয়ে রাখা হয়েছে অজস্র টমেটো। কোথাও সদ্য তোলা সবুজ টমেটোর সমাহার, কেথাও রোদের আঁচে পেকে উঠতে থাকা সবুজ-কমলার মিশ্রণ, কোথাও আবার টকটকে লাল। দেখে চোখ জুড়িয়ে যায়।
চাষিরা রোদে পিঠ দিয়ে বসে সেগুলোকে উল্টেপাল্টে দিচ্ছেন। পরিপক্বগুলো আলাদা করে পলিথিন বিছিয়ে তার ওপর স্তূপ করে রেখে ঢেকে দিচ্ছেন আঁটিবাঁধা ধানের খড় দিয়ে।
গোদাগাড়ীর কুমোরপুর গ্রাম। বিরাট এক মাঠে পাড়ার কয়েক চাষি একসঙ্গে টমেটো রোদে দিয়েছেন। এমনি এক মাঠে কথা হলো শাহাবুল ইসলাম, আলতাফ হোসেন আর দিদারুল ইসলামের সঙ্গে। অন্যরা মাঝে মাঝে সায় দিলেন ‘হুঁ, হ্যাঁ’ বলে। ভয়ংকর বিপদের দিন যাচ্ছে তাঁদের। পাকা টমেটো যে বেশি দিন রাখা যায় না, তা বাচ্চারাও জানে। অথচ শত শত মণ টমেটো তাঁরা বিক্রির জন্য নিতে পারছেন না। পাইকারিতে দাম নেমে এসেছে ১৫০ টাকা মণ।
ওই চাষিরা জানালেন, এবার ফলনও খুব ভালো। বিঘায় ১০০ থেকে ১৪০ মণ পর্যন্ত। খরচও হয়েছে প্রচুর। প্রতি বিঘায় ২৫ থেকে ৩০ হাজার টাকা। খাটুনি তো আছেই। অগ্রহায়ণের শুরুতে টমেটো ওঠে। তখন পাইকারি দর ১২০০ থেকে ১৪০০ টাকা মণ। পৌষ-মাঘে দাম কমে ৮০০ থেকে ৫০০ টাকায় নামে। পুরো মৌসুমে দামের গড় দাঁড়ায় প্রায় ৬০০ টাকা মণ। তাতে বিঘাপ্রতি ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত আয় হয়। সেই হাড়ভাঙা খাটুনি, প্রচুর খরচ আর অনেক আশার ফসল চোখের সামনে পচে যাচ্ছে। নিরুপায় চাষি বুকে নিদারুণ কষ্ট নিয়ে দেখছেন, রাজনীতির দ্বন্দ্ব-সংঘাত কী সর্বনাশটাই না করে ছাড়ছে তাঁদের!
গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম জানালেন, এবার তিন হাজার ৩৩৪ হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে। ফলন যা হয়েছে, তার স্বাভাবিক বাজারমূল্য ৫০০ কোটি টাকা। এই উপজেলার মাটিই হাইব্রিড টমেটোর উপযোগী। এ কারণেই এখানে টমেটো চাষ দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে।
কৃষকের কোনো বন্ধু নাই: পাশেই পবা উপজেলা। পবায় টমেটোর চাষ তেমন হয় না। শিম, ফুলকপি ও বাঁধাকপি, বেগুন—এ সবের আবাদ হয় প্রচুর। একই দুর্দশা ছুঁয়ে আছে তাঁদেরও। ট্রাক নেই। অন্তত রাজশাহী শহরে মাল আনার মতো লছিমনও পাওয়া যায় না।
পবার আন্ধারকোটা গ্রামের নূরনবী যা বললেন, তা আরও নৈরাশ্যজনক। শিম আবাদ করেছেন তিন বিঘায়। এখন শিমের পাইকারি দাম থাকার কথা অনন্ত ৬০০ টাকা মণ। গত বুধবার রাজশাহী বাজারে এক মণ শিম বিক্রি করেছেন ২০০ টাকায়। জানালেন, মাচান থেকে এই শিম তুলতে একজন মজুর নিতে হয়। এখন দিনমজুরি ১৫০ টাকা, সঙ্গে তিন বেলা খাবার। প্রায় ২০০ টাকা পড়ে যায়। এই বেগতিক সময়ে নছিমনে রাজশাহী পর্যন্ত নিয়ে যেতে খরচ পড়ে ৩০ থেকে ৫০ টাকা। বিক্রি হয় ২০০ টাকা। তাই মনের দুঃখে ঠিক করেছেন, গাড়ি না চললে আর ফসল তুলবেন না। খেতে থেকেই নষ্ট হোক। অন্তত নগদ টাকার ক্ষতি থেকে রেহাই মিলবে।
পবার এই প্রৌঢ় কৃষক আক্ষেপ নিয়ে বলছিলেন, ‘এই দেশে কৃষকের বন্ধু কেউ নাই। কৃষকের কোনো মূল্য নাই।’ গোদাগাড়ীর রাজাবাড়ি হাটে গিয়ে দেখা গেল, সড়ক অবরোধ করে স্থানীয় বিএনপির সমাবেশ চলছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালম আত্মপ্রসাদ নিয়েই বললেন, তাঁরা কোনো সহিংসতার মধ্যে নেই। শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করছেন। জান-মালের যেন কোনো ক্ষতি না হয়, সে ব্যাপারে সতর্ক আছেন।
চাঁপাইনবাবগঞ্জগামী এই মহাসড়ক ধরে আরও খানিকটা এগিয়ে গিয়ে দেখা গেল, খানিক পর পর ছোট ছোট দলে পিকেটাররা রাস্তা আটকে নছিমন, মোটরসাইকেল বা ইজিবাইকগুলোও আটকে দিচ্ছেন। সাংবাদিক বলে যদিও ছাড় পাওয়া যাচ্ছিল, তবে এভাবে বেশি দূর এগিয়ে যাওয়া আর সাহসে কুলাল না। অগত্যা সেখান থেকেই ফিরতে হলো।
সারের দামে আগুন, ইউরিয়া দুষপ্রাপ্য: সরবরাহ বন্ধ থাকায় সার অগ্নিমূল্য। সব ধরনের সারের দাম বস্তাপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা বেড়েছে। ইউরিয়া পাওয়াই যাচ্ছে না। রাজাবাড়ি হাটেই ইব্রাহিম জানালেন। গমের চাষ করেছেন। ইউরিয়ার জন্য হন্যে হয়ে খুঁজছেন সাব-ডিলারদের দোকানে। নেই।
আবদুর রউফ জানালেন, অতি গোপনে কোনো কোনো সাব-ডিলার বিক্রি করছেন এক হাজার টাকা বস্তা। নির্ধারিত দাম ৮০০ টাকা। অন্য সারেও দাম চড়া। ডিএপির দাম ১৩৫০ টাকা, বিক্রি হচ্ছে ১৫০০ টাকা, ১২০০ টাকার টিএসপির দাম নেওয়া হচ্ছে ১৪০০ টাকা। চাহিদা একটু কম বলে এ দুটি সার পাওয়া যায়। ইউরিয়ার চাহিদা বেশি। কারণ, এখন গমের চাষ শুরু হচ্ছে। আলুখেতেও লাগবে। তাঁরা জানালেন, গম চাষের ২২ দিনের মধ্যে ইউরিয়া দিতে হয়। অনেকেরই গম চাষের পর ১০ থেকে ১৫ দিন পার হয়ে গেছে। দ্রুত সার দরকার। অথচ বাজারে পাওয়া যাচ্ছে না।
রাজাবাড়ি হাটের সারের সাব-ডিলার মেসার্স ফিরোজ এন্টারপ্রাইজের খাদেমুল ইসলাম জানালেন, সর্বশেষ ৮ ডিসেম্বর মাত্র ২০ বস্তা ইউরিয়া পেয়েছেন। তাঁর গ্রাহক প্রায় ৫০০ জন। প্রতি বিঘা গমখেতে ২০ কেজি এবং আলুতে ৩০ কেজি ইউরিয়া লাগে। ডিলার তাঁকে জনপ্রতি পাঁচ কেজি করে ইউরিয়া দিতে বলেছেন। ডিলারের কাছ থেকে তাঁরা ৭৮০ টাকা বস্তা (৫০ কেজি) দরে ইউরিয়া পেতেন। এখন ৮০০ টাকা করে নিচ্ছেন। সঙ্গে পরিবহন খরচ আছে। কাজেই ৮০০ টাকা বস্তা খুচরা বিক্রির কোনো সুযোগই নেই। আর বিক্রিই বা করবেন কেমন করে, তাঁর কাছে থাকলে তো!