কৃষকের শ্রম, ব্যবসায়ীর লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরপতন হওয়ায় জয়পুরহাটে কৃষকেরা প্রায় পানির দরে সবজি বেচে দিচ্ছেন। এ সুযোগে লাভবান হচ্ছেন খুচরা ব্যবসায়ীরা।
সম্প্রতি শহরের নতুনহাট পাইকারি বাজারে গিয়ে দেখা যায়, ভোর থেকেই জেলার বিভিন্ন গ্রাম থেকে কৃষকেরা তাঁদের উৎপাদিত শীতকালীন সবজি হাটে নিয়ে এসেছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল, পাইকারি দামে তাঁরা প্রতিটি ফুলকপি আট থেকে নয় টাকা, বাঁধাকপি প্রকারভেদে প্রতিটি পাঁচ থেকে সাত টাকা দামে বিক্রি করছেন। মুলা প্রতি কেজি দেড় টাকা, পটোল সাত টাকা, বেগুন আট-দশ টাকা, লাউ ছোট-বড় প্রকারভেদে প্রতিটি সাত থেকে ১২ টাকা দামে বিক্রি হচ্ছে।
বাজার ঘুরে ফড়িয়া ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাইকারি ও খুচরা দরের মধ্যে পার্থক্য আছে। চার টাকা কেজির বেগুন ১৫-১৬ টাকা, দেড় টাকার মুলা পাঁচ-ছয় টাকা, প্রতিটি লাউ আকারভেদে ১৫-২০ টাকা, ২০ টাকা কেজি কাঁচা মরিচ ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের কৃষক রিকশা-ভ্যানে করে চার মণ মুলা নতুনহাটে বিক্রি করতে এনে ৬০ টাকা মণ বিক্রি করেছেন। তিনি জানান, ১৫ দিন আগেও এই মুলা ৪০০ টাকা মণ দরে বিক্রি হয়েছে। উত্তর রামপুর গ্রামের কৃষক সাবু হোসেন মাঝারি ও বড় আকারের ফুলকপি বিক্রি করেন প্রতিটি আট টাকা দামে।
সদর উপজেলার বিল্লাহ গ্রামের লাউচাষি বেলাল হোসেন আক্ষেপ করে বলেন, ‘আমাগেরে হাড়ভাঙ্গা খাটনি আর লাভ ব্যবসায়ীর। বাজারে আমাগেরে কাছ থেকে কিনে খালি ডালি বদল (সবজি রাখার পাত্র) করলেই দুই গুণ-তিন গুণ তাঁদের লাভ।’
নতুনহাটের খুচরা ব্যবসায়ী খায়রুল ইসলাম, বাবু হোসেনসহ একাধিক ব্যবসায়ী বলেন, কাঁচা সবজিজাতীয় জিনিস সঙ্গে সঙ্গে বিক্রি করতে না পারলে ওই সব সবজি পচে ও শুকিয়ে নষ্ট হয়। এ ছাড়া কেনার পর ওজন কমে তাঁদেরকে অনেক সময় লোকসান গুনতে হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে, লাউ, বেগুন, পটোল, বাঁধাকপি, ফুলকপি, মুলাসহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ হয়েছে ১০ হাজার হেক্টর জমিতে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা আবদুল মজিদ জানান, প্রথম অবস্থায় কৃষকেরা সবজির ভালো দাম পেয়েছেন। এখন আমদানি বেশি হওয়ায় দাম একটু কমেছে।