কৃষকের সমস্যা সমাধানে স্মার্টফোন ও সাইকেল বিতরণ
কৃষকের সমস্যা সমাধানের জন্য ২৬টি কৃষি ক্লাবে একটি করে বাইসাইকেল ও স্মার্ট ফোন দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে যশোর সদর উপজেলার রামনগর এলাকার আরআরএফ প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।
ইউএসএআইডি কৃষি সম্প্রসারণ প্রকল্পের অধীনে এসব উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির উপপরিচালক (গণযোগাযোগ) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বিভিন্ন স্থানে থাকা এসব কৃষি ক্লাবের মাধ্যমে কৃষি খাতে বিপ্লব ঘটছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ। সভাপতিত্ব করেন প্রকল্পের কর্মকর্তা বিদ্যুৎ কে মাহালদার। অনুষ্ঠানে মুক্ত আলোচনায় কৃষি ক্লাবের প্রতিনিধিরা কৃষকদের সমস্যা সমাধানের নানা অভিজ্ঞতার কথা বলেন।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বরিশাল, খুলনা ও যশোরের ১২টি উপজেলায় কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসি) রয়েছে। ফসল উৎপাদনে কৃষককে সচেতন করার লক্ষ্যে এসব কেন্দ্রে প্রযুক্তি সেবা দেওয়া হচ্ছে। কৃষকের ফসলে কখন কী ধরনের সমস্যা হচ্ছে, তা শুনে প্রযুক্তির মাধ্যমে ওই ক্লাব থেকেই সমাধান দেওয়া হচ্ছে। এসব কেন্দ্রে স্বেচ্ছাসেবক দল রয়েছে। তঁারা কৃষকের সমস্যার কথা শুনে ফসলের ছবি ও তথ্য দিয়ে একটি মুঠোফোন অ্যাপসে আপলোড করে বা একটি হটলাইন নম্বরে ফোন করলে তাৎক্ষনিক সমাধান পেয়ে যান। ওই কাজটা আরও গতিশীল করার লক্ষ্যে প্রত্যেকটি কেন্দ্রে একটি করে বাইসাইকেল ও স্মার্টফোন দেওয়া হলো। এ ছাড়া বরগুনার আমতলায় অবস্থিত কমিউনিটি কৃষি রেডিও কেন্দ্রের জন্য একটি মোটরসাইকেল দেওয়া হয়েছে।
অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা এমপাওয়ার। সহযোগিতায় ছিল ঢাকা আহছানিয়া মিশন ও কেয়ার বাংলাদেশ।