কৃষকের সারের ভর্তুকি ডিলারদের পকেটে!
সরকার গত বছরের ২১ অক্টোবর থেকে আমদানি করা অ-ইউরিয়া সারে কৃষক পর্যায়ে ১৫ শতাংশ হারে ভর্তুকি দিচ্ছে। কিন্তু প্রচারণার অভাব ও সার ডিলাররা অনিয়ম করায় যশোরের অভয়নগর উপজেলার অনেক কৃষকই ভর্তুকির সুবিধা পাচ্ছেন না। এতে ভর্তুকির টাকা চলে যাচ্ছে ডিলার ও খুচরা বিক্রেতাদের পকেটে! উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় এবার ১৪ হাজার ৮৩০ হেক্টর জমিতে বোরোর চাষ হয়েছে। বোরো চাষের জন্য এবার উপজেলায় এক হাজার ৫১১ টন টিএসপি, ৮০৫ টন এমওপি এবং ২৪৬ দশমিক ৫ টন ডিএপি সার বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) ১২ জন, বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) পাঁচজন ডিলার এবং ৫৮ জন খুচরা বিক্রেতার মাধ্যমে কৃষকদের কাছে এ সার বিক্রি করা হয়েছে। অভিযোগ রয়েছে, খুচরা সার বিক্রেতা ছাড়াও বিসিআইসি ও বিএডিসির ডিলাররাও বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করেছেন। তা ছাড়া কোনো বস্তার গায়ে ‘ভর্তুকির সার’ কথাটিও লেখা হয়নি। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার ভর্তুকি দিয়ে প্রতি বস্তা (৫০ কেজির বস্তা) টিএসপি সারের খুচরা মূল্য এক হাজার ১০০ টাকা (২২ টাকা প্রতি কেজি), ডিএপি এক হাজার ৩৫০ টাকা (২৭ টাকা কেজি) ও এমওপি ৭৫০ টাকা (১৫ টাকা কেজি) নির্ধারণ করেন। নিয়মানুসারে উত্তোলন করা সারের বস্তার গায়ে লাল কালি দিয়ে বড় অক্ষরে ‘ভর্তুকির সার’ কথাটি লিখতে হবে। কিন্তু ডিলার ও খুচরা বিক্রেতারা এসব নিয়ম মানছেন না। উপজেলার বাণীপুর গ্রামের কৃষক আসাদুল ইসলাম অভিযোগ করেন, ‘প্রতি কেজি ডিএপি সারের সরকারি দাম ২৭ টাকা। কিন্তু একজন খুচরা সার বিক্রেতার কাছ থেকে আমি ওই সার ২৯ টাকায় কিনেছি।’ বনগ্রাম গ্রামের কৃষক সাদেক আলী বলেন, ‘আমি এবার ২৬ টাকা কেজি দরে টিএসপি এবং ১৭ টাকা কেজি দরে এমওপি সার কিনে ভুঁইতি দিছি।’চন্দ্রপুর গ্রামের বর্গাচাষি ইলিয়াস শিকদার বলেন, ‘সরকার সারে সুবিদে দেচ্ছে কি না জানিনে। সাব-ডিলার যা দাম চালো তাই দিয়ে সার কিনে ভুঁইতি দিছি।’খুচরা সার বিক্রেতা প্রবির হালদার বলেন, ‘সরকারিভাবে যে সার বরাদ্দ পেয়েছি তা সরকারি রেটেই বিক্রি করেছি। কিন্তু বাইরে থেকে বেশি রেটে কেনা সার একটু বেশি রেটেই বিক্রি করেছি।’বিসিআইসির ডিলার আবদুল লতিফ বলেন, ‘খুচরা সার বিক্রেতারা দলীয়ভাবে নিয়োগ পাওয়া। তাঁরা আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’ বিএডিসির ডিলার সঞ্জয় কুমার সাহা বলেন, ‘বিএডিসি আমাদের খুব কম সার বরাদ্দ দিয়েছে। বরাদ্দ করা সার সরকার-নির্ধারিত দরেই কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।’ উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, ‘বেশি দামে সার বিক্রি বন্ধ করতে আমরা অনেকবার অভিযান চালিয়েছি। কৃষকদের বেশি দামে সার না কেনার জন্য উদ্বুদ্ধ করতে মাইকিংও করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি বিশ্বাস রাসেল হোসেন বলেন, ‘কৃষক পর্যায়ে ভর্তুকি সুবিধা নিশ্চিত করার জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। যেসব সার বিক্রেতা বেশি দামে সার বিক্রি করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’