কৃষকের স্বপ্ন ভেসে গেল বন্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের জাজিরা উপজেলার পৈলান মোল্লারকান্দি গ্রামের কৃষক ইসমাইল ব্যাপারী (৫৫)। গত বছর পদ্মার ভাঙনে বসতবাড়ি ও ফসলি জমি হারিয়েছিলেন। নতুন করে জীবন শুরুর জন্য ক্ষুদ্রঋণ বিতরণকারী একটি প্রতিষ্ঠান থেকে ৭০ হাজার টাকা নিয়েছিলেন। অন্যের জমি ভাড়া নিয়ে শুরু করেছিলেন শাকসবজির চাষ। এবারের বন্যার পানিতে তাঁর সব শাকসবজি নষ্ট হয়ে গেছে।
ইসমাইল ব্যাপারী বলেন, ‘পরিবারের সদস্যদের নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিলাম। বন্যার পানিতে আমার সব স্বপ্ন ভেসে গেল। এখন কীভাবে ঋণ পরিশোধ করব, সে চিন্তায় দিশেহারা হয়ে পড়েছি।’
ইসমাইলের মতো অবস্থা শরীয়তপুরের চারটি উপজেলার ৫৪টি ইউনিয়নের পাঁচ হাজার ৪৯৫ জন কৃষকের। বন্যায় ওই সব কৃষকের প্রায় পাঁচ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ তথ্য উল্লেখ করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৯ সেপ্টেম্বর একটি প্রতিবেদন ঢাকায় প্রধান কার্যালয়ে পাঠিয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এ বছর জেলার ১৬ হাজার ২৪ হেক্টর জমিতে বোনা আমন, রোপা আমন ও শাকসবজির আবাদ করা হয়। এদিকে ২৮ আগস্ট থেকে বন্যার পানিতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে থাকে। চারটি উপজেলার ৫৪টি ইউনিয়নে ফসলি জমি ও বসতবাড়িতে বন্যার পানি ঢোকে। এতে পাঁচ হাজার ৪৯৫ জন কৃষকের ৪২৮ হেক্টর জমির বোনা আমন, ২৭৭ হেক্টর রোপা আমন ও ৯০ হেক্টর জমির শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়, যার আর্থিক মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
ক্ষতিগ্রস্ত কৃষকদের একজন নড়িয়া উপজলার যোগপাট্টা গ্রামের সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘দুই বিঘা জমিতে ধানের আবাদ করে ছিলাম। বন্যার পানিতে সব ধান নষ্ট হয়েছে।’
সদর উপজেলার বাইশরশি গ্রামের কৃষক বেলায়েত মিয়া বলেন, ‘ঋণ নিয়ে সবজি ও ধানের আবাদ করছিলাম। বন্যার পানিতে দুইটারই ক্ষতি হইছে। এহন কীভাবে ঋণের কিস্তি শোধ দিমু আল্লাহই জানেন।’
শরীয়তপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কবির হোসেন বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সে প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পরে পুনর্বাসনে সহায়তা দেওয়া হবে।