কৃষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
নওগাঁর মান্দায় গত রোববার দিবাগত রাতে আবদুর রশিদ (৫৫) নামের এক কৃষককে শ্বাসরোধে হত্যা করে লাশ বাড়ির পাশের একটি পুকুরপাড়ে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার মান্দা থানার পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করেছে।
গ্রামবাসী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার পরানপুর ইউনিয়নের হলুদঘর গ্রামে প্রতিবেশীদের সঙ্গে জমিজমা নিয়ে আবদুর রশিদের বিরোধ চলে আসছিল। নিহতের স্ত্রী কল্পনা বিবি জানান, রোববার বিকেলে আবদুর রহিম বাজার করার জন্য পাশের গোপলপুর বাজারে যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল সোমবার সকালে বাড়ির উত্তর পাশে আমবাগানে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।
সংবাদ পেয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ধারণা করা হচ্ছে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাঁর গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহত রশিদের স্ত্রী কল্পনা বিবি বাদী হয়ে গতকাল দুপুরে থানায় একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় আরব আলী নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।