কৃষকের ৭৭ লাখ টাকা নিয়ে ১২ কর্মকর্তা লাপাত্তা!
বেসরকারি প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের (এসএফডিএফ) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা শাখার ১২ জন মাঠ কর্মকর্তা ঋণ গ্রহীতাদের কাছ থেকে ৭৭ লাখ ৩০ হাজার টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শত শত গ্রহীতা গত বুধবার ও গতকাল বৃৃহস্পতিবার স্থানীয় জনতা ব্যাংকে বিক্ষোভ করেছেন।জনতা ব্যাংকের মতলব বাজার শাখা ও ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় ২০০২ থেকে ২০০৪ সালে উপজেলার ৩২টি গ্রামের এক হাজার ৫০০ কৃষককে ১৬ শতাংশ সুদে এক কোটি টাকার ঋণ দেওয়া হয়। জনতা ব্যাংকের প্রধান কার্যালয় ও এসএফডিএফের প্রধান কার্যালয়ের এক চুক্তি অনুযায়ী স্থানীয় জনতা ব্যাংক এই ঋণ দেয়। ঋণ আদায়ের সময়সীমা বেঁধে দেওয়া হয় ২০০৬ সালের মাঝামাঝি পর্যন্ত। অর্থ বিতরণ ও আদায়ের দায়িত্বে থাকে এসএফডিএফ। প্রত্যেক গ্রহীতাকে সর্বোচ্চ ১০ হাজার ও সর্বনিম্ন পাঁচ হাজার টাকা ঋণ দেওয়া হয়। প্রতি সপ্তাহে নির্ধারিত কিস্তি পরিশোধ করে ১৮ মাসের মধ্যে গ্রহীতাদের সব টাকা পরিশোধের শর্ত ছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিতরণ করা ঋণের মধ্যে ২০০৬ সাল পর্যন্ত ফাউন্ডেশনের ওই ১২ জন মাঠ কর্মকর্তা ৫০০ জনের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা ঋণ আদায় করে জনতা ব্যাংকের মতলব বাজার শাখায় জমা দেন। কিন্তু অন্য কৃষকদের কাছ থেকে ৭৭ লাখ ৩০ হাজার টাকা আদায় করলেও তা ব্যাংকে জমা দেননি। জনতা ব্যাংকের মতলব বাজার শাখার ব্যবস্থাপক মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ওই সময় ঋণের টাকা আদায়ের দায়িত্বে থাকা ওই কর্মকর্তারা হলেন ছানাউল্লাহ মিয়া, জাকির হোসেন, সুশীল কুমার, বিপ্লব কুমার, কাউছার মিয়া, শ্রী কমল, সংকর চন্দ্র, ইলিয়াছ মিয়া, জসিম উদ্দিন, আবদুল মতিন, আবদুল জব্বার ও আবুল কাশেম। কিন্তু ঋণ আদায় ও তদারক বন্ধ করে ২০০৭ সাল থেকে তাঁরা লাপাত্তা হন।ব্যবস্থাপক আরও বলেন, বকেয়া ঋণ আদায়ের জন্য গত বছরের ৫ ডিসেম্বর জনতা ব্যাংকের প্রধান কার্যালয় থেকে তাঁদের কাছে চিঠি আসে। গত জানুয়ারিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ঋণ গ্রহীতাদের বাড়ি বাড়ি গিয়ে জানতে পারেন যে কৃষকেরা অনেক আগেই মাঠ কর্মকর্তাদের কাছে ঋণের টাকা পরিশোধ করেন। পরে বিষয়টি খতিয়ে দেখা যায় যে গ্রহীতার হিসাব নম্বরে কোনো টাকা জমা হয়নি। ভুক্তভোগী গ্রহীতা লামছরি গ্রামের মিঠুন সরকার বলেন, তিনি দুই নামে ১৭ হাজার টাকা ঋণ নিয়ে ২০০৬ সালেই মাঠ কর্মকর্তাদের কাছে পরিশোধ করেছেন। এখন ব্যাংকে এসে জানতে পারেন যে এক টাকাও জমা হয়নি।দক্ষিণ বাইশপুর গ্রামের বিউটি রানী দাস ও সবিতা রানী দাস বলেন, আট হাজার টাকা ঋণ নিয়ে তাঁরা পাঁচ-ছয় বছর আগেই ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তাদের কাছে পরিশোধ করেন। এ সময় একটি জমা বইও দেওয়া হয় তাঁদের। কিন্তু ব্যাংকের চিঠি পেয়ে তাঁরা জানতে পারেন, তাঁদের ওই টাকা ব্যাংকে জমা হয়নি। কর্মকর্তাদের দেওয়া জমা বইও ছিল ভুয়া। এসএফডিএফের মতলব শাখার মাঠ কর্মকর্তা আবদুল মতিন গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গ্রহীতাদের ৫০-৬০ হাজার টাকা পারিবারিক প্রয়োজনে খরচ করেছি। সেই টাকা ব্যাংকে জমা দিয়ে দেব।’অর্থ আত্মসাতের অভিযোগ থাকা অন্য ১১ জন মাঠ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ক্ষুদ্রঋণ কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কুমিল্লা ও চাঁদপুর অঞ্চলের ব্যবস্থাপক দীন মোহামঞ্চদ বলেন, ‘আমি এ অঞ্চলে নতুন এসেছি। অর্থ আত্মসাতের ঘটনাটি প্রধান কার্যালয়কে জানানো হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’ অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা নিশ্চিত করে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ‘এ ঘটনায় বেশ কয়েকজন মাঠ কর্মকর্তাকে ছাঁটাই করা হয়েছে। পালিয়েও গেছেন কেউ কেউ। এ ব্যাপারে আরও তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ জনতা ব্যাংক চাঁদপুর অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক আবদুর রহিম বলেন, ‘ঘটনাটি ব্যাংকের প্রধান কার্যালয়ে জানানো হয়েছে। অর্থ আদায়ে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।’