কৃষকেরা কাঁদছেন ধানখেতে
এক রাতেই কৃষকের সোনালি স্বপ্ন শেষ৷ এখন তাঁরা ক্ষতিগ্রস্ত ধানখেতে গিয়ে কাঁদছেন৷ পাচ্ছেন না ক্ষতিপূরণ৷ সমস্যাটি রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের কালজানি এলাকার কৃষকদের। সেখানকার বিবিএম নামের একটি ইটভাটার চিমনি দিয়ে নির্গত কালো ধোঁয়া ও গরম গ্যাসে অর্ধশতাধিক কৃষকের অন্তত ১০০ একর জমির উঠতি বোরো ধান ঝলসে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে৷
এদিকে দিনাজপুরের বীরগঞ্জ ও চিরিরবন্দর উপজেলার দুটি ইটভাটার আগুনের তাপ ও ধোঁয়ায় প্রায় ৯৯ একর (৪০ হেক্টর) জমির উঠতি বোরো ধানের খেত ঝলসে গেছে৷
বদরগঞ্জের কালজানি গ্রামের কৃষক নৃপেন্দ্র নাথ (৭০) বলেন, ‘পোকায় খাইলে, ভগবান মারলেও ভুঁইয়োত কিছু ধান পাওয়া যায়৷ ভাটায় যেইভাবে মারচে, তাতে ভুঁইয়ের সউগ ধান পাতান হয়া গেইছে৷ এ্যালা খ্যাতোত বসি সবায় কান্দোচে৷’
এলাকার কৃষকদের অভিযোগ, ওই এলাকার কৃষিজমিতে অবৈধভাবে গড়ে তোলা বিবিএম ইটভাটাটি ১৫ মে হঠাৎ বন্ধ করে দেওয়ার পর আশপাশের উঠতি বোরো খেতের ধান দু-তিন দিনেই হলদে বর্ণ ধারণ করে৷ িশষের ধানও সম্পূর্ণ নষ্ট হয়ে যায়৷
তাঁদের অভিযোগ, বন্ধ করার সময় ওই ইটভাটার চিমনি দিয়ে নির্গত কালো ধোঁয়া ও গরম গ্যাসের কারণে বোরো খেতের ধান নষ্ট হয়ে গেছে৷ একই কারণে এলাকার বাঁশঝাড়, গাছপালা ও ভুট্টাখেত ক্ষতিগ্রস্ত হয়েছে৷
উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল হক বলেন, ‘ভাটা বন্ধ করার সময় নির্গত কালো ধোঁয়া ও গরম গ্যাসের কারণে ওই এলাকার কৃষকের উঠতি বোরো খেত নষ্ট হয়েছে৷ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে এলাকায় তালিকা তৈরির কাজ চলছে৷ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।’
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বিবিএম ইটভাটার মালিক আতাউর রহমান বলেন, এটা দুর্যোগ৷ এমনিতেই হয়েছে৷ তার পরও কৃষকেরা দাবি করলে ক্ষতিপূরণ দেওয়া হবে৷
ওই গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক আবদুল মজিদ (৫০) ও ইলিয়াছ হোসেনসহ অনেকে জানান, ভাটার কারণে এলাকার ৫০-৬০ জন কৃষকের ১০০ একর জমির উঠতি বোরো ধান একেবারে নষ্ট হয়েছে৷
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আনোয়ারুল আলম বলেন, বীরগঞ্জ ও চিরিরবন্দরে দুটি ইটভাটাসংলগ্ন বোরো জমির উঠতি ফসল নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে৷ এর মধ্যে বীরগঞ্জে ক্ষতি নিরূপণ করা হয়েছে৷ আর চিরিরবন্দরে ক্ষতি নিরূপণের কাজ চলছে৷ ইটভাটা দুটি হলো বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের কইকুড়ি গ্রামের রতন কুমার সাহার ‘জেবিএম ব্রিকস’ এবং চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের ওকড়াবাড়ী গ্রামের রফিকুল ইসলামের ‘আরএ ব্রিকস’৷
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বীরগঞ্জের নিজপাড়ায় ২৫ হেক্টর এবং চিরিরবন্দরের খোসনা গ্রামে ১৫ হেক্টর জমির উঠতি বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে৷
৯ মে জেবিএম ব্রিকস এবং ১০ মে আরএ ব্রিকস ইটভাটায় গিয়ে আশপাশ এলাকায় ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়৷ ব্যাপক এলাকার উঠতি বোরো খেতের ধানের িশষ কালো হয়ে পচে গেছে৷ হাতে নিয়ে ধান টিপে কোনো চাল পাওয়া যায়নি৷ যেসব ধানগাছে িশষ বের হয়নি, সেসব ধানগাছের গাঢ় সবুজ পাতা হলুদ বর্ণ হয়ে পুড়ে যেতে বসেছে৷
ভাটার মালিক রতন কুমার সাহা বলেন, দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে ব্যবসা করছি৷ কোনো বছর ফসলের ক্ষতি হয়নি৷ কিন্তু এ বছর ধানের ক্ষতি হলো৷ ভাটার কারণে ক্ষতি হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া হবে৷
তবে চিরিরবন্দরের ইটভাটার মালিক রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার মুঠোফোনে ফোন করা হলেও তিনি ধরেননি৷