দেশের কৃষকদের মধ্যে শতকরা ৬০ ভাগ ভর্তুকি মূল্যে কৃষিযন্ত্র বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত ১০ জেলার ২০ উপজেলার বাছাই করা কৃষকেরা ধান কাটা, মাড়াই, ঝাড়াই, সার প্রয়োগ ও নিড়ানি যন্ত্রসহ বিভিন্ন কৃষিযন্ত্র কেনার জন্য এ সুযোগ পাবেন। গতকাল শনিবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) ‘কৃষি যন্ত্রপাতি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ (এফএমটিডি)’ শীর্ষক তিন বছর মেয়াদি প্রকল্পের এক পরিকল্পনা কর্মশালায় এসব তথ্য জানানো হয়। এ প্রসঙ্গে ব্রি-এর পরিচালক (প্রশাসন) মো. সাইদুল ইসলাম বলেন, গাজীপুর, গাইবান্ধা, জয়পুরহাট, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, চাঁদপুর ও নোয়াখালী জেলায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। মূলত কৃষকদের কৃষিযন্ত্র ক্রয়ে উর্যাসাহিত করার মাধ্যমে তাঁদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ রকম উচ্চহারে ভর্তুকি দেওয়ার ব্যবস্থা দেশে এই প্রথম। সুষ্ঠুভাবে এর বাস্তবায়ন হলে দেশের কৃষি খাতের যান্ত্রিকায়নের ক্ষেত্রে তার্যাপর্যপূর্ণ অগ্রগতি সাধিত হবে। ব্রি ছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পৃথকভাবে অনুরূপ কার্যক্রম নিয়েছে। কর্মশালায় কৃষিবিজ্ঞানীরা বলেন, ধান চাষাবাদে শ্রম ও সময় সাশ্রয়ী কৃষিযন্ত্র ব্যবহারের ফলে হেক্টরপ্রতি গড়ে প্রায় সাত হাজার টাকা বাড়তি লাভ হবে।ব্রি মিলনায়তনে পরিচালক (গবেষণা) মো. খায়রুল বাশারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মহাপরিচালক মো. আবদুল মান্নান। ব্রি-র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও এফএমটিডির উপপ্রকল্প পরিচালক মুহাম্মদ আবদুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কর্মশালার দুই কারিগরি অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিয়াউদ্দিন এবং ব্রি-এর সাবেক মহাপরিচালক এম এ বাকী। বিজ্ঞানী, বিশেষজ্ঞ ছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন।